বগুড়ায় গতকাল বুধবার পল্লী উন্নয়ন একাডেমি ও বিসেফ ফাউন্ডেশনের উদ্যোগে ‘নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণনের নীতিমালা’ প্রণয়নসংক্রান্ত গোলটেবিল বৈঠক হয়েছে। বৈঠকে বক্তারা বলেন, দেশে প্রতি চারজনে একজন ক্যানসারের ঝুঁকির মধ্যে রয়েছে। পল্লী উন্নয়ন একাডেমির সাবেক মহাপরিচালক শেখ জহুরুল ফেরদৌসের সভাপতিত্বে বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসেফ ফাউন্ডেশনের সহসভাপতি মহিদুল হক খান। আলোচনায় স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক এ কে এম জাকারিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন একাডেমির পরিচালক রণজিৎ চৌধুরী, শেখ ফজলুল বারী, সাংবাদিক সমুদ্র হক প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপনকালে মহিদুল হক খান বলেন, দেশে প্রতি চারজনে একজন মানুষ ক্যানসারের ঝুঁকির মধ্যে রয়েছে। এ কারণে কৃষক ও ভোক্তা উভয়কে সচেতন হতে হবে। সভায় বক্তারা প্রস্তাবিত নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণনের নীতিমালার ওপর নিজেদের মতামত প্রদান করেন এবং প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে অবিলম্বে একটি চূড়ান্ত দলিল তৈরি করে তা বাস্তবায়নের ওপর গুরুত্ব প্রদান করেন।