দেশে প্রতিদিন দেড় লাখ গাছ কাটা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রতিদিন দেড় লাখ গাছ কাটা হচ্ছে। এর বিপরীতে রোপণ করা হচ্ছে মাত্র ৩০ হাজার। এ বৈষম্য দূর করা না হলে একদিন এ দেশে গাছগাছালি খুঁজে পাওয়া যাবে না। গতকাল বুধবার হবিগঞ্জে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ও জলবায়ুর পরিবর্তনবিষয়ক সেমিনারে বক্তারা এ তথ্য তুলে ধরেন।জাতিসংঘ তথ্যকেন্দ্র (ইউনিক), ঢাকা ও হবিগঞ্জের জেলা প্রশাসন স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, জলবাযু পরিবর্তনের ফলে বাংলাদেশ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। সুশিক্ষা ও সচেতনতাই পারে এ থেকে দেশকে বাঁচাতে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিক-ঢাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আলী রেজা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হাসান। সভায় বক্তারা বলেন, একটি দেশের নিয়ামক হচ্ছে সমুদ্র, নদী, পাহাড়, জলাশয়। এগুলো রক্ষা করা না হলে মানুষের বাঁচার আর পথ থাকবে না। এ বার্তা সব নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রত্যক শিক্ষিত ও সচেতন মানুষের। অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল ওয়াদুদের সভাপতিত্বে বক্তব্য দেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহানারা খাতুন, তোফায়েল আহমেদ, জহিরুল হক শাকিল, কিসিঞ্জার চাকমা প্রমুখ।