দেশে প্রতিদিন ১৫ জন প্রসূতি মা মারা যান

সন্তান জন্ম দিতে গিয়ে দেশে এখনো প্রতিদিন ১৫ জন মা মারা যান। বছরে সে সংখ্যা দাঁড়ায় ৫ হাজার ২০০-তে। প্রতিরোধযোগ্য এই মাতৃমৃত্যুর অন্যতম কারণ বাড়িতে সন্তান প্রসব, গর্ভবতী মাকে দেরিতে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া, প্রসব-পূর্ব ও প্রসব-পরবর্তী সেবার অভাব।
গতকাল সোমবার ‘এনশিওরিং এভরি ম্যাটারনাল ডেথ ইস কাউন্টেড ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় এই তথ্য জানানো হয়। রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), ইউনিসেফ ও সিআইপিআরবি যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
অদক্ষ দাইয়ের হাতে ৬২% সন্তান প্রসব
কিশোরীদের গর্ভধারণের হার ৩১%
বাল্যবিবাহ ৫৯%
এতে জানানো হয়, বাসা-বাড়িতে অদক্ষ দাইয়ের হাতে ৬২ শতাংশ সন্তান প্রসব, গর্ভকালীন অন্ততপক্ষে চারবার নিয়মিত চেকআপ না করানো, গর্ভবতী মায়ের প্রসবকালীন সমস্যা চিহ্নিত করতে দেরি করাসহ বাল্যবিবাহও মাতৃমৃত্যুর বড় কারণ। ২০১৪ সালের বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের (২০১৪) তথ্য অনুযায়ী, দেশে কিশোরীদের মধ্যে গর্ভধারণের হার সবচেয়ে বেশি, ৩১ শতাংশ। এর অন্যতম কারণ বাল্যবিবাহ (৫৯ শতাংশ)।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইফ এ এস এম ফিরোজ বলেন, মাতৃমৃত্যুর হার গরিব ও কিশোরী মায়ের মধ্যে সবচেয়ে বেশি। এর জন্য অদক্ষ দাইয়ের পাশাপাশি চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসাও দায়ী।
এএসএম ফিরোজ বলেন, মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিত করতে মাতৃমৃত্যুর সঠিক কারণ নিবন্ধন জরুরি। সংসদীয় স্থায়ী কমিটির আগামী সভায় নিবন্ধন নিশ্চিত করতে আইন প্রণয়নের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে; যাতে কোনো মাতৃমৃত্যুই হিসাবের বাইরে না থাকে।
কর্মশালায় মাতৃমৃত্যুর নিবন্ধন-সম্পর্কিত মূল প্রবন্ধ উপস্থাপক সংসদ ডা. হাবিবে মিল্লাত। তিনি জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাতৃমৃত্যু বৃদ্ধির জরিপের ফলাফলকে উদ্দেশ করে বলেন, সঠিকভাবে মাতৃমৃত্যুর কারণ শনাক্ত এবং নিবন্ধনের কারণে মাতৃমৃত্যুর হার বাড়ছে কি না, বিষয়টি খতিয়ে দেখা উচিত। মাতৃমৃত্যু রোধে কমিউনিটি ক্লিনিকে লোকবল বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য খাতে বরাদ্দও বাড়ানো দরকার।
মাতৃমৃত্যু নিবন্ধনপদ্ধতি ও এর প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন যথাক্রমে ইউনিসেফের স্বাস্থ্য বিশেষজ্ঞ এ এস এম সায়েম এবং সিআইপিআরবির সহযোগী পরিচালক ডা. অনিমেষ বিশ্বাস।
ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক কাউসার আফসানা বলেন, ‘আড়াল না করে বিষয়টি নিয়ে সত্য বলা উচিত, কারণ আমরা মা ও শিশুকে হত্যা করে চলছি।’
কর্মশালায় ইউএনএফপিএর স্বাস্থ্য বিভাগের প্রধান সাথিয়া নারায়ানান দোরাইসস্বামী, ইউনিসেফের স্বাস্থ্য বিভাগের প্রধান মায়া ভ্যানডেনেন্টসহ সাংসদ, আইন বিশেষজ্ঞ, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।