দেশে প্রতিবছর লক্ষাধিক শিশুর মৃত্যু হয় পানিদূষণের কারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে এখনো প্রতিবছর পাঁচ বছরের নিচে এক লাখ ১০ হাজার শিশু ডায়রিয়ায় মারা যায়। বিশুদ্ধ পানির উৎস কমে আসা ও পানিদূষণ এসব মৃত্যুর জন্য দায়ী। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পানির চাহিদাও বাড়ছে। কিন্তু সুপেয় পানির উৎসগুলো আশঙ্কাজনক হারে কমে আসছে। গতকাল রোববার রাজধানীর প্রেসক্লাব মিলনায়তনে ‘কনসালটেশন অন কমিউনিকেটিং ওয়াটার কোয়ালিটি চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস’ শীর্ষক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ২২ মার্চ বিশ্ব পানি দিবস উপলক্ষে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মোর্চা এনজিও ফোরাম এবং পানি-বিশেষজ্ঞরা ওই আলোচনা অনুষ্ঠান আয়োজন করে। এ বছর দিবসটির স্লোগান ‘সুস্থ পৃথিবীর জন্য চাই নির্মল পানি’।পানি-বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, পানি প্রাপ্যতার বিষয়টি বিভিন্ন সময় আলোচিত হলেও আসলে সুপেয় পানির সরবরাহের বিষয়টি বাংলাদেশে খুব একটা গুরুত্ব পায়নি। কেবল ঢাকার পরিস্থিতিই এতটা নাজুক যে শুধু সায়েদাবাদ ট্রিটমেন্ট প্লান্টের মতো শোধনাগার এখন আর যথেষ্ট নয়। তিনি বলেন, ঢাকাকে কয়েকটি অঞ্চলে ভাগ করে ছোট ছোট প্লান্ট স্থাপনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করা যেতে পারে। এনজিও ফোরামের প্রকল্প সমন্বয়ক মোহাম্মদ হোসেন অনুষ্ঠানে উপস্থাপিত প্রবন্ধে শহর এলাকায় অপরিকল্পিতভাবে কূপ খনন, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং জলাধার ভরাট করে বাড়িঘর নির্মাণের ফলে পানির উৎসগুলো কীভাবে সংকুচিত হয়ে আসছে, তার একটি চিত্র তুলে ধরেন। এ ছাড়া দেশের ৬১টি জেলার পানিতে এখন আর্সেনিকের উপস্থিতির কারণে সুপেয় পানি দুর্লভ হয়ে উঠছে বলে তিনি উল্লেখ করেন। জলবায়ু পরিবর্তনের ফলে এই সমস্যা আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজিবুর রহমান। দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে লবণাক্ততা বাড়ার উদাহরণ দেওয়ার পাশাপাশি কেমন করে গৃহস্থালি, শিল্প-কলকারখানা ও কৃষিজমির বর্জ্য পানিকে দূষিত করছে, তারও ব্যাখ্যা তিনি দেন। তিনি বলেন, প্রতি লিটারে যেখানে ৮ থেকে ৯ মিলিগ্রাম অক্সিজেন থাকার কথা, সেখানে দূষণের কারণে বুড়িগঙ্গায় এই হার কখনো কখনো শূন্যের কোঠায় নেমে আসে। অনুষ্ঠানে শুরুতে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম ফিরোজ আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেনমার্ক দূতাবাসের উপ-মিশন প্রধান জ্যান মোলার হ্যানসেন, বিশ্বব্যাংকের পানি ও পয়োনিষ্কাশন বিশেষজ্ঞ মার্ক এলেরি প্রমুখ। সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান।