দেশে প্রতিবন্ধী শিশু বাড়ছে
শিশুস্বাস্থ্য, পুষ্টি ও প্রতিবন্ধিতা নিয়ে কাজ করেন, এমন বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দেশে প্রতিবন্ধী শিশুর সংখ্যা বাড়ছে। সংশ্লিষ্ট বিষয়ে বেশ কিছু গবেষণার ফলাফল দেখে তাঁরা এ আশঙ্কা করছেন। সর্বশেষ ২০১০ সালের জুনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, জন্মের পর পাঁচ বছর পর্যন্ত বেঁচে আছে এমন এক হাজার শিশুর মধ্যে ৮৯ জন শিশু প্রতিবন্ধিতার ঝুঁকিতে আছে। এর আগে ১৯৮৮ সালে পরিচালিত জরিপে এই হার ছিল প্রতি হাজারে ৭০ জন। ‘এপিডেমিওলজিকাল সার্ভে অব চাইল্ডহুড ইমপেয়ারমেন্টস অ্যান্ড ডিজঅ্যাবিলিটিস অ্যারাউন্ড ফাইভ মেডিকেল কলেজ হসপিটাল’ শীর্ষক সর্বশেষ গবেষণাটি করেছেন শিশু বিকাশ কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক নায়লা জামান খান। প্রথম আলোকে তিনি বলেন, ‘বাংলাদেশে শিশুমৃত্যুর হার কমেছে। কিন্তু প্রতিবন্ধিতার ঝুঁকি বাড়ছে। দারিদ্র্য ও অপুষ্টি এর মূল কারণ।’ শিশুবিশেষজ্ঞ ও পুষ্টিবিদ অধ্যাপক এম কিউ কে তালুকদার বলেন, বাংলাদেশের শিশুদের প্রতিবন্ধিতার অন্যতম কারণ অপুষ্টি। ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধ না খাওয়ানো এবং পর্যাপ্ত আমিষ ও আয়োডিনযুক্ত লবণের অভাব শিশুর বিকাশকে বাধাগ্রস্ত করছে। ২২ বছরে শিশুদের মধ্যে প্রতিবন্ধিতার হার হাজারে ১৯ জন বেড়েছে। প্রতিবন্ধিতা বৃদ্ধির প্রবণতাকে দেশের জন্য দুশ্চিন্তার কারণ বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষক এ কে এম নূর-উন-নবী। তিনি বলেন, ‘পূর্ণ বয়সে প্রতিবন্ধী শিশু দেশের অর্থনীতিতে শতভাগ অবদান রাখতে পারবে না, একপর্যায়ে তারা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে।’ জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম বলেন, বাংলাদেশে মাত্র ৪ শতাংশ প্রতিবন্ধী শিশু স্কুলে যায়। এদের পরিপূর্ণ বিকাশের সুযোগ সীমিত। অন্যদিকে গত বছর সেভ দ্য চিলড্রেন সুইডেন-ডেনমার্ক প্রকাশিত প্রতিবন্ধী শিশুশ্রম নিয়ে গবেষণায় দেখা গেছে, প্রতিবন্ধী শিশু আছে এমন পরিবারগুলোর ৭৭ শতাংশ এসব শিশুর আয়ের ওপর নির্ভরশীল। এই শিশুরা ভিক্ষা করে, অনেকে ঝুঁকিপূর্ণ পেশায় জড়িত। প্রতিবন্ধিতার কারণে তারা কর্মক্ষেত্রে মালিকের মারধর সহ্য করে। গবেষণায় কী দেখা গেছে: স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে নায়লা জামান খানের নেতৃত্বে প্রশিক্ষণপ্রাপ্ত একদল স্বাস্থ্যকর্মী ২০১০ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে দুই হাজার ৪৯৪ জন শিশুকে পরীক্ষা-নিরীক্ষা করেন। এই শিশুরা ঢাকা, স্যার সলিমুল্লাহ, বরিশাল ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল এবং সোহরাওয়ার্দী হাসপাতালসংলগ্ন এলাকায় বসবাস করছে।পরীক্ষা-নিরীক্ষার আওতায় আসা শিশুদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু সমস্যা ধরা পড়ে। এদের অনেকে ঠিক সময়মতো উপুড় হতে, হাঁটতে, বসতে, দাঁড়াতে বা চলতে শেখেনি (গ্রস মটর সমস্যা); কেউ কেউ ঘাড় নাড়তে পারে না (ফাইন মটর সমস্যা); কেউ চোখে কম দেখে বা কানে কম শোনে, কেউ কথা বলতে পারে না, কেউ হাসে না বা কেউ ডাকলে সাড়া দেয় না, জিনিস চিনতে পারে না, কারও খিঁচুনি হয় আবার কেউ হঠাৎ অজ্ঞান হয়ে যায়। নায়লা জামান খান বলছেন, শহরের দরিদ্র পরিবারগুলোর শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। নায়লা জামান খান বলেন, পরিবারের অসহযোগিতার কারণে এসব শিশুর প্রতিবন্ধিতার মাত্রা নির্ণয় করা সম্ভব হয় না। করণীয়: শিশুবিশেষজ্ঞরা বলছেন, অপুষ্টির কারণে শিশুরা প্রতিবন্ধিতার শিকার হয়। অন্যদিকে ২০০৮ সালে ইউনিসেফ ও উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের ‘মনিটরিং চাইল্ড ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপিং কান্ট্রিজ—রেজাল্ট ফ্রম দি মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভেজ’ শীর্ষক গবেষণায় দেখা গেছে, যারা ছয় মাস বয়স পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ খেয়েছে, তাদের মধ্যে প্রতিবন্ধিতার হার কম। বাংলাদেশসহ ২০টি দেশের শিশুদের নিয়ে এই গবেষণা করা হয়। বাংলাদেশের ৫৮ হাজারেরও বেশি শিশুকে গবেষণার আওতায় আনা হয়েছিল। ওই গবেষণায় বলা হয়েছে, প্রতিবন্ধিতা রোধে ছয় মাস বয়স থেকে সুষম পরিপূরক খাবার ও আয়োডিনযুক্ত লবণ পরিমাণমতো গ্রহণও অত্যন্ত জরুরি। বয়সের তুলনায় কম উচ্চতা ও ওজনবিশিষ্ট শিশুরাও ঝুঁকিতে রয়েছে বলে গবেষকেরা ওই প্রতিবেদনে উল্লেখ করেন। তাঁরা বলেন, প্রতিবন্ধিতা মোকাবিলায় মাতৃগর্ভে ভ্রূণ অবস্থা থেকে শিশুর যত্ন নেওয়া প্রয়োজন। নায়লা জামান খান বলেন, যেসব শিশুর ছোটখাটো সমস্যা এরই মধ্যে ধরা যাচ্ছে, তাদের নিয়মিত চিকিৎসা প্রয়োজন। এতে করে ক্ষতির পরিমাণ কমবে।