হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী গতকাল শনিবার এক বিবৃতিতে বলেন, আমি মনে করি, দেশে এখন গণতান্ত্রিক উপায়ে মত প্রকাশ এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার পরিবেশ নেই। বিবৃতিতে আরও বলেন, দেশের জনসাধারণের জানমালের নিরাপত্তা এতটাই নাজুক হয়ে পড়ছে যে ঘরেবাইরে কোথাও কারও নিরাপত্তা নেই। আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রতিপক্ষের হামলা ও গুলিবর্ষণে প্রতিদিন হতাহতের ঘটনার উন্নতি হওয়া তো দূরের কথা, বরং বেড়েই চলেছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণমানুষের মতামতকে উপলব্ধি করুন। দেশের সংঘাতময় পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে কার্যকর নিরপেক্ষ উদ্যোগ নিয়ে দেশ ও জনগণের নিরাপত্তা প্রতিষ্ঠা করুন। বিরোধী জনমতকে দমন-পীড়নের পথ পরিহার করে তাদের গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ ও কথা বলতে দিন। বর্তমানে দেশের অনেক স্থানেই ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল ও ইসলামি সমেঞ্চলন করতে দেওয়া হচ্ছে না।