দেশে প্রথম সামরিক নারী বৈমানিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাজ পিরয়ে দেওয়া হচ্ছে নাইমা হককে l আইএসপিআর ব্যাজ পিরয়ে দেওয়া হচ্ছে তামান্না–ই–লুৎফিকে l আইএসপিআর
ব্যাজ পিরয়ে দেওয়া হচ্ছে নাইমা হককে l আইএসপিআর ব্যাজ পিরয়ে দেওয়া হচ্ছে তামান্না–ই–লুৎফিকে l আইএসপিআর

বাংলাদেশ বিমানবাহিনীতে প্রথমবারের মতো সামরিক নারী বৈমানিক হওয়ার সৌভাগ্য অর্জন করলেন ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক এবং ফ্লাইং অফিসার তামান্না-ই-লুৎফি। গতকাল বুধবার এ দুই কর্মকর্তা বৈমানিক হয়ে ওঠার প্রাথমিক ধাপের একটি অংশ শেষ করে একা আকাশে ওড়েন। এরপর যশোরে বিমানবাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানে তাঁদের ‘স্কোয়াড্রন ব্যাজ’ পরিয়ে দেওয়া হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সামরিক বৈমানিকের মতো চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ পেশায় প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক এবং ফ্লাইং অফিসার তামান্না-ই-লুৎফিকে মনোনীত করা হয়। বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ১৮ নম্বর স্কোয়াড্রনে বেল-২০৬ হেলিকপ্টারে বেসিক কনভারশন কোর্সের জন্য তাঁদের মনোনীত করা হয়। এরপর ৩ আগস্ট থেকে তাঁদের মাঠপর্যায়ের প্রশিক্ষণ শুরু হয়। ২৩ সেপ্টেম্বর প্রথমবারের মতো তাঁরা আকাশে ওড়ার প্রশিক্ষণ শুরু করেন।
গতকাল এ দুই নারী কর্মকর্তা তাঁদের প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বৈমানিক হয়ে ওঠার প্রাথমিক ধাপের একটি অংশ সম্পন্ন করে এককভাবে আকাশে ওড়েন। এ সাফল্যে বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী তাঁদের অভিনন্দন জানান। গতকাল একা আকাশে ওড়ার পর ঘাঁটির অধিনায়ক এয়ার কমোডর মো. সাঈদ হোসেন তাঁদের স্কোয়াড্রন ব্যাজ পরিয়ে দেন।
প্রশিক্ষণরত এ দুই নারী কর্মকর্তা বেল-২০৬ হেলিকপ্টারে ৬৫ ঘণ্টা উড্ডয়নের প্রাথমিক ধাপ সম্পন্ন করার পর বিমানবাহিনীর বিভিন্ন হেলিকপ্টার স্কোয়াড্রনে দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে তাঁরা এককভাবে ২৫ ঘণ্টা আকাশে উড়েছেন।
আইএসপিআর সূত্র আরও জানায়, বাংলাদেশ বিমানবাহিনী ২০০০ সালে সামরিক বাহিনীতে প্রথম নারী কর্মকর্তা নিয়োগ শুরু করে। বিমানবাহিনীর বিভিন্ন শাখার নারী কর্মকর্তারা ইতিমধ্যে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে পেশাদারি ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। এ কারণে বিমানবাহিনী এ বছর সামরিক বৈমানিক হিসেবে নারী কর্মকর্তাদের প্রশিক্ষণের সিদ্ধান্ত নেয়। বিজ্ঞপ্তি।