দেশে প্রথমবারের মতো কনটেইনার পরিদর্শন-সংক্রান্ত পরীক্ষা হচ্ছে
বাংলাদেশে প্রথমবারের মতো কনটেইনার পরিদর্শন-সংক্রান্ত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা হওয়ার কথা। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল কনটেইনার লেজরস বা আইআইসিএল’ প্রথমবারের মতো বাংলাদেশে এই পরীক্ষাকেন্দ্র খুলেছে।
আন্তর্জাতিক নৌ সংস্থা (আইএমও) স্বীকৃত বেসরকারি সংস্থা ‘আইআইসিএল’ কনটেইনার পরিদর্শন-সংক্রান্ত পরীক্ষার মাধ্যমে সনদ প্রদান করে। এসব সনদধারী ব্যক্তি সমুদ্রপথে জাহাজে কনটেইনার পরিবহনের উপযোগী কি না বা পণ্য পরিবহনে উপযোগী কি না, তা পরিদর্শন করে নির্ধারণ করেন।
এই পরীক্ষাকেন্দ্র চালুর উদ্যোগ নেন বাংলাদেশ কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল কাইয়ুম খান। তিনি সংস্থাটির সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে এ পরীক্ষাকেন্দ্র চালুর বিষয়ে সংস্থাটিকে উদ্বুদ্ধ করেন। প্রথমবার ১৫ জনের পরীক্ষায় অংশ নেওয়ার কথা।
কনটেইনার পরিদর্শনের জন্য আইআইসিএল সনদধারী মুনির উদ্দীন হাসান বলেন, বাংলাদেশে সমুদ্রপথে কনটেইনার পরিবহন বাড়তে থাকায় কনটেইনার পরিদর্শন-সংক্রান্ত সনদধারী ব্যক্তিদের গুরুত্ব বাড়ছে। বাংলাদেশে পরীক্ষাকেন্দ্র চালু হওয়ায় কনটেইনার পরিদর্শন-সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সুফল পাবেন।