দেশে প্রথমবারের মতো কলেরার টিকা
একটি দিশারি প্রকল্পের মধ্য দিয়ে বাংলাদেশে কলেরার টিকা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার এই প্রকল্পের আওতায় মিরপুরের নয়টি কেন্দ্রে সব বয়সের নারী-পুরুষ ও শিশুদের টিকা খাওয়ানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও ঢাকা সিটি করপোরেশন যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে।স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র বলছে, দিশারি প্রকল্পটির (পাইলট প্রজেক্ট) কার্যকারিতা প্রমাণিত হলে সারা দেশে নিয়মিত টিকাদান কর্মসূচির সঙ্গে কলেরা টিকাকেও সম্পৃক্ত করা হবে। এখন যে টিকাটি খাওয়ানো হচ্ছে, সেটি ভারত থেকে আমদানি করা হয়েছে। তবে শিগগির বাংলাদেশেও টিকা তৈরি হবে। কমপক্ষে চারটি ওষুধ উৎ পাদনকারী প্রতিষ্ঠান টিকা তৈরির প্রস্তুতি নিয়েছে। গতকাল সকালে জাতীয় অধ্যাপক এম আর খান আনুষ্ঠানিকভাবে ওই কর্মসূচির উদ্বোধন করেন। মিরপুর ১২ নম্বর এলাকার একটি কেন্দ্রে উল্লেখযোগ্যসংখ্যক মানুষকে টিকা খেতে দেখা যায়। সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একটানা চলে এই কর্মসূচি। চলবে আরও দুই দিন। প্রথম ডোজ নেওয়ার ১৫-২৩ দিন পর দ্বিতীয় ডোজটি দেওয়া হবে। টিকাকেন্দ্রে জামিলা বেগম নামের এক নারীর সঙ্গে কথা হয়। জামিলা জানান, তিনি নিজে টিকা খেয়েছেন এবং তাঁর মেয়ে ও ভাগনেকেও সঙ্গে করে এনেছেন টিকা খাওয়াতে। তাঁদের এলাকায় বিপুলসংখ্যক মানুষ ডায়রিয়ায় ভোগে। টিকা খেলে রোগের প্রকোপ কমবে—এই আশায় পাড়া-প্রতিবেশী সবাই টিকা খাচ্ছে।আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ফেরদৌসী কাদরি প্রথম আলোকে বলেন, ১৯৮৫ সালে সুইডেনে তৈরি কলেরার টিকা বাংলাদেশের মতলব এলাকায় পরীক্ষামূলকভাবে খাওয়ানো হয়েছিল। কিন্তু ব্যাপক ভিত্তিতে ওই কর্মসূচি চালু হয়নি। পরবর্তী সময়ে ফিলিপাইন ও ভারতে কলেরার টিকা খাওয়ানো শুরু হয়। ওই সব দেশে তিন বছর পর্যন্ত টিকার কার্যকারিতা দেখা গেছে।সূত্র জানায়, প্রকল্পে বিনা মূল্যে টিকা দেওয়া হচ্ছে। আর প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিল অ্যান্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশন। তবে এই টিকার এক মাত্রার (ডোজ) বাজারমূল্য এক হাজার ৪০০ টাকা। আইসিডিডিআরবির ‘ইন্ট্রোডাকশন অব কলেরা ভ্যাক্সিন ইন বাংলাদেশ’ প্রকল্পের সমন্বয়ক ইকবাল আনসারী খান জানান, প্রতিবছর ঢাকার যেসব অঞ্চল থেকে রোগী আইসিডিডিআরবিতে ভর্তি হয়, তাদের একটা বড় অংশ মিরপুর থেকে আসে। তাই প্রথম দফায় মিরপুরের এক লাখ ৬৫ হাজার মানুষকে এই টিকা দেওয়া হবে। ঢাকা সিটি করপোরেশনের উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, এই কর্মসূচি সফল করতে তাঁরা জনবল দিয়ে সহযোগিতা করছেন। এ ছাড়া এলাকার জনপ্রতিনিধিদেরও সম্পৃক্ত করা হয়েছে। আইসিডিডিআরবিতে প্রতিবছর দুই দফায় বেশ কিছু কলেরা আক্রান্ত রোগী ভর্তি হয়। এ ছাড়া বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পর এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ে। টিকাটি কার্যকর হলে এই রোগে আক্রান্তের হার কমবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করছেন।