দেশে ফিরছে আরও ১৬২ অভিবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রলারে করে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমারে উদ্ধার হওয়া আরও ১৬২ জন অভিবাসীকে আজ বুধবার দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম প্রথম আলোকে জানান, আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের মৈত্রী সেতু দিয়ে মিয়ানমারে যাবে। তারপর মিয়ানমারের মংডু সীমান্তে সে দেশের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক হবে। বৈঠকে ১৬২ জন বাংলাদেশি অভিবাসীকে হস্তান্তর করা হবে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, দেশে ফেরত আনা অভিবাসীদের ঘুমধুম সীমান্ত থেকে বাসে করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে আসবে পুলিশ। তারপর আইনি প্রক্রিয়া শেষে তাঁদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ সূত্র জানায়, এই ১৬২ জন অভিবাসীর মধ্যে সিরাজগঞ্জের ২৬ জন, চুয়াডাঙ্গার ১১ জন, সাতক্ষীরার দুজন, মাদারীপুরের ১৫ জন, কুষ্টিয়ার চারজন, মাগুরার ছয়জন, পাবনার ১২ জন, নারায়ণগঞ্জের ৪১ জন, ঝিনাইদহের ১৫ জন, যশোরের ১০ জন, কুমিল্লার সাতজন, জয়পুরহাটের পাঁচজন ও সুনামগঞ্জের আটজন।
গত ৮ জুন প্রথম দফায় মিয়ানমার থেকে ১৫০ জন অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়। ১৯ জুন দ্বিতীয় দফায় ফিরিয়ে আনা হয় ৩৭ জন অভিবাসীকে।