দেশে ফিরছেন আরও ১০৩ অভিবাসনপ্রত্যাশী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে আজ সোমবার দেশে ফিরছেন আরও ১০৩ জন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, গত ২১ মে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে মিয়ানমার জলসীমা থেকে ২০৮ জন এবং ২৯ মে ৭২৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে সে দেশের নৌবাহিনী। মিয়ানমারের দাবি, উদ্ধার হওয়া ব্যক্তিদের সবাই বাংলাদেশের নাগরিক।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর ইমরান উল্লাহ সরকার বলেন, ‘মিয়ানমার থেকে ফেরত আনতে ১০৩ জনের একটি তালিকা পাঠিয়েছিল দেশটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তালিকাটি যাচাই-বাছাই করে ১০৩ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে। সোমবার আমরা মিয়ানমার গিয়ে তাঁদের দেশে নিয়ে আসব।’ তিনি জানান, এর আগে পাঁচ দফায় আরও ৬২৬ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে মেজর ইমরান উল্লাহ সরকারের নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধিদল বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমার যাবে।
তারপর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ঢেঁকিবুনিয়া ফাঁড়িতে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠক হবে। বৈঠকে ১০৩ জনকে বিজিবির কাছে হস্তান্তর করা হবে। এতে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এম আনিসুর রহমান।
বিজিবি সূত্র জানায়, এরপর ১০৩ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে ঘুমধুম ফিরে আসবে বাংলাদেশ প্রতিনিধিদল। এরপর তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী জানান, ঘুমধুম থেকে ১০৩ জনকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আনা হবে। সেখানে জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হবে।