দেশে ফিরছেন এমভি হোপের ৫ নাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দামান সাগরে আংশিক কাত হয়ে হয়ে ডুবে যাওয়া ‘এমভি হোপ’ জাহাজের উদ্ধার হওয়া ছয় নাবিকের পাঁচজন আজ রোববার দেশে ফিরছেন। অপর নাবিক আবু বকর সিদ্দিক থাইল্যান্ডের হাসপাতালে চিকিত্সাধীন। এই ছয়জনকে দুর্ঘটনার দিন বৃহস্পতিবারই উদ্ধার করা হয়। পরের দিন শুক্রবার আরও তিন নাবিককে জীবিত এবং দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে জাহাজডুবির ঘটনায় এখনো নিখোঁজ ছয় নাবিকের সন্ধানে আজ রোববার চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে।

জাহাজটির মালিকপক্ষের স্বার্থরক্ষাকারী প্রতিষ্ঠান (পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধি) ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের প্রথম আলো ডটকমকে জানান, প্রথম দিন উদ্ধার হওয়া ছয় নাবিকের মধ্যে পাঁচজনের আজ রাত আটটার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছার কথা। তাঁরা এমভি বাক্সমুন নামের কনটেইনারবাহী একটি জাহাজে করে আসছেন।

এই পাঁচজন হলেন জাহাজের চতুর্থ প্রকৌশলী মো. আবদুল হাকিম, ডেক ক্যাডেট মোখলেসুর রহমান এবং নাবিক মো. রুবেল, আলী হোসেন ও সাইফুল ইসলাম।

জাহাজমালিকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরে আসার পথে গত বৃহস্পতিবার ভোরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় থাইল্যান্ডের ফুকেত দ্বীপের কাছাকাছি সাগরে জাহাজটি কাত হয়ে যায়। এ সময় ক্যাপ্টেন জাহাজটি বিপজ্জনক মনে করে পরিত্যক্ত ঘোষণা করলে পাঁচ নাবিক লাইফবোটে উঠে সাগরে নেমে পড়েন। আর অন্যরা ঝাঁপ দেন। পরে কাছাকাছি থাকা এমভি বাক্সমুন নামের কনটেইনারবাহী জাহাজে উঠে প্রাণে রক্ষা পান লাইফবোটে থাকা পাঁচজন। আর নাবিক আবু বকরকে সাগর থেকে থাইল্যান্ডের নৌবাহিনীর একটি হেলিকপ্টার জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পরের দিন শুক্রবার জাহাজের আরও তিন নাবিককে জীবিত এবং দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জীবিত তিনজন হলেন মুশফিকুর রহমান, মো. মোবারক হোসেন ও রায়েক ফাইরুজ। আর মৃত দুজন হলেন জাহাজের প্রধান কর্মকর্তা মাহবুব মোরশেদ ও প্রধান প্রকৌশলী কাজী সাইফুদ্দিন।

এখনো নিখাঁজ ছয়জন হলেন জাহাজের ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকার, দ্বিতীয় প্রকৌশলী মো. নেজাম উদ্দিন, ইলেকট্রিশিয়ান সাদিম আলী, প্রধান কুক নাসির উদ্দিন, নাবিক নাসির উদ্দিন ও মো. আলী হোসেন ।