দেশে ফিরতে ইরাকে ১৪ বাংলাদেশির অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে ইরাকে এক বছর ধরে আটক থাকা ১৪ বাংলাদেশি এবার অনশন শুরু করেছেন। তাঁরা বাংলাদেশ সরকারের কাছে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আকুতি জানিয়েছেন। গত বছর কয়েকটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে পর্যটন ভিসায় ইরাকে যাওয়ার পর এঁরা আটকা পড়েন। সরকারের কাছে আবেদন করা এই বাংলাদেশিরা হলেন মীর কাশেম, আবুল কালাম আজাদ, ফারুক হোসেন, ইউসুফ, হুমায়ুন কবির, রুবেল মিয়া, আবদুল মালেক, সাইদুল ইসলাম, ইলিয়াস হোসেন, শফিকুল ইসলাম, মোশারফ হোসেন, শ্যামল দাশ, রবিউল আউয়াল ও আবদুর রহিম। এঁদের মধ্যে শফিকুল ইসলাম গতকাল রোববার দুপুরে ইরাক থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রায় এক বছর ধরে আমরা কোম্পানির ক্যাম্পে আটকা আছি। সরকার দ্রুত দেশে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখনো কিছু করছে না। তাই আমরা শনিবার থেকে অনশন শুরু করেছি।’ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান এ বিষয়ে বলেন, ‘ওই ১৪ জনকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তবে এটি সময়সাপেক্ষ ব্যাপার।’