দেশে ফিরতে দেরি হবে খালেদা জিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে সফররত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে ফেরার কথা ছিল। কিন্তু চিকিৎসার জন্য তাঁর দেশে ফিরতে দেরি হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
যুক্তরাজ্য বিএনপি ও লন্ডনে অবস্থানরত দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, আজ বুধবার খালেদা জিয়ার বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়ে পরদিন বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু তাঁর চিকিৎসা শেষ না হওয়ার কারণে ফেরার সময় পেছানো হয়েছে। তিনি কবে দেশে ফিরবেন, তা সম্পূর্ণ চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করছে বলে জানান তাঁরা।
তবে খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে উদ্ধৃত হতে চাননি কোনো নেতা। তাঁরা জানান, তারেক রহমান নিজেই মায়ের চিকিৎসার বিষয়টি দেখাশোনা করছেন। ফলে এসব বিষয়ে তাঁরা সুনির্দিষ্ট করে কিছুই জানেন না। বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক প্রথম আলোকে বলেন, ‘ম্যাডামের চিকিৎসার বিষয়টিকে আগে প্রাধান্য দেওয়া হচ্ছে।’
জানা গেছে, খালেদা জিয়ার দুই চোখের ছানি অপারেশন করাতে হবে। বিএনপির একজন নেতা জানান, চিকিৎসক বলেছেন, দুই চোখের অপারেশন একসঙ্গে করা হবে না। এক চোখের অপারেশন করার সপ্তাহ খানেক পর অন্য চোখের অপারেশন করা হবে। গতকাল মঙ্গলবার পর্যন্ত কোনো চোখের অপারেশন করা হয়নি বলে জানা গেছে।
খালেদা জিয়া ১৬ সেপ্টেম্বর লন্ডনে আসেন। তিনি লন্ডনের কিংসটনে ছেলে তারেক রহমানের বাসায় আছেন। গত বৃহস্পতিবার যুক্তরাজ্য বিএনপির আয়োজনে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।