ওমানে অবৈধভাবে বসবাসরত ১০ হাজার বাংলাদেশি এ পর্যন্ত দেশে ফেরার জন্য দূতাবাসে নাম লিখিয়েছেন। এঁদের ধারাবাহিকভাবে দেশে পাঠানো হবে।অবৈধ হয়ে পড়া বাংলাদেশিরা ৩১ মে পর্যন্ত দূতাবাসে নাম লেখানোর সুযোগ পাবেন। এরপর অবৈধদের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে দেশটির সরকার।ওমানের বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, এ বছরের জানুয়ারিতে দেশটির সরকার সেখানে বসবারসত সব অবৈধ শ্রমিককে ফেরত পাঠানোর ঘোষণা দেয়। এতে বলা হয়, ২০০৯ সালের ডিসেম্বরের মধ্যে যেসব শ্রমিকের কাজের অনুমতিপত্র নবায়ন করা হয়নি, তাঁদের সবাইকে নিজ দেশে ফিরতে হবে। ফেব্রুয়ারি ও মার্চ—এই দুই মাস শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা থাকবে। জেল-জরিমানা থেকে বাঁচতে হলে ৩১ মার্চের মধ্যে অবৈধ সব শ্রমিককে নিজ দূতাবাসে নাম লেখাতে হবে। অবৈধ শ্রমিকেরা যেন আর কোথাও কাজ না পান সে জন্যও সরকার সব কোম্পানিকে সতর্ক করে দেয়। ৩১ মার্চের পর অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলবে বলে ঘোষণা দেন ওমানের জনশক্তিবিষয়কমন্ত্রী শেখ অবদাল্লাহ আল বাকরি। ওমানের বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর এস এম ফেরদৌস গত ৩ এপ্রিল প্রথম আলোকে জানান, ওই ঘোষণার পর এ পর্যন্ত ১০ হাজার অবৈধ বাংলাদেশি দূতাবাসে নাম লিখিয়েছেন। এ ছাড়া অবৈধ কর্মীদের ৩১ মার্চ পর্যন্ত দূতাবাসে নাম লেখানোর যে সুযোগ ছিল সেটি বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়েছে। কারণ, দীর্ঘ প্রক্রিয়ার কারণে অবৈধ অনেক শ্রমিক এখনো নাম লেখাতে পারেননি। অনেকের দেশে ফেরার জন্য উড়োজাহাজের টিকিটের ব্যবস্থা করা যায়নি। ফলে সরকার সময় বাড়িয়েছে।এস এম ফেরদৌস জানান, ওমান সরকারের এই সাধারণ ঘোষণায় অভিবাসী বাংলাদেশিরা উপকৃত হবেন। কারণ, অনেকে দুবাই হয়ে কাজের সন্ধানে ওমানে এসে অবৈধ হয়ে পড়েন। এই অভিযানের ফলে সেটি কমবে। ফলে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ওমানে আসা লোকের সংখ্যা কমে যাবে এবং বাজারে জনশক্তির যে চাহিদা আছে সেটি পূরণের জন্য বৈধভাবে বেশি কর্মী আসবেন। এমনকি অবৈধ যেসব কর্মীকে দেশে ফেরত পাঠানো হচ্ছে, তাঁরাও আবার বৈধভাবে ওমানে আসতে পারবেন। কারণ, এই কর্মীরা দীর্ঘদিন এখানে ছিলেন। ফলে তাঁরা কাজে দক্ষ হয়ে উঠেছিলেন।ওমানের জনসংখ্যা ৩০ লাখ। এর মধ্যে এক-তৃতীয়াংশই অর্থাত্ ১০ লাখ অভিবাসী শ্রমিক। বাংলাদেশের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাব অনুযায়ী, ওমানে কর্মরত বাংলাদেশির সংখ্যা তিন লাখ ৬০ হাজার। এর মধ্যে ২০০৯ সালে সেখানে গেছেন ৪১ হাজার ৭০৪ জন বাংলাদেশি কর্মী। বিএমইটির তথ্য অনুযায়ী, ২০১০ সালের জানুয়ারিতে দুই হাজার ৭৫ জন, ফেব্রুয়ারিতে দুই হাজার ৫১ জন এবং মার্চে দুই হাজার ৭৮৪ জন বাংলাদেশি ওমানে গেছেন। একই সময়ে দেশে ফিরেছেন এক হাজার নয়জন। শ্রম কাউন্সিলর এস এম ফেরদৌস জানান, এখনো প্রতি মাসে গড়ে আড়াই থেকে তিন হাজার বাংলাদেশি ওমানে আসছেন। কাজেই পরিস্থিতি ইতিবাচক।