দেশে ফিরতে পারছেন না ছয় ভারতীয়
কারাভোগ শেষ হলেও শেরপুর জেলা কারাগারে বন্দী ছয় ভারতীয় দেশে ফিরে যেতে পারছেন না। বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ে সমঝোতা না হওয়ায় এসব বন্দী দেশে ফিরে যেতে পারছেন না বলে জানা গেছে।
কারাগার সূত্রে জানা যায়, বর্তমানে শেরপুর জেলা কারাগারে নয়জন ভারতীয় বন্দী রয়েছেন। তাঁরা হলেন জীবন, ওরারাও, থানদুই, রঙ্গু মমিন, সেলিম মারাক, অগতা সাংমা, নেভাল মারাক, ফজল মিয়া ও সাংমেন সাংমা। তাঁদের বাড়ি ভারতের মেঘালয় ও আসাম রাজ্যর বিভিন্ন গ্রামে। তাঁদের মধ্যে রঙ্গু মমিন, সেলিম মারাক, অগতা সাংমা, নেভাল মারাক, ফজল মিয়া ও সাংমেন সাংমাকে বাংলাদেশে অনুপ্রবেশ, চোরাচালান ও মাদকদ্রব্য বহনের দায়ে বিভিন্ন আদালত ছয় মাস থেকে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড দেন। ইতিমধ্যে তাঁদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু দুই দেশের উচ্চপর্যায়ে সমঝোতা না হওয়ায় এই ছয় বন্দী দেশে যেতে পারছেন না।
জীবন, ওরারাও ও থানদুই অস্ত্র আইনের মামলায় বিভিন্ন আদালত থেকে ১০ বছর করে দণ্ডপ্রাপ্ত হয়ে বর্তমানে শেরপুর জেলা কারাগারে সাজা ভোগ করছেন।
১৬ জুলাই রেড ক্রিসেন্ট সোসাইটির (শেরপুর ইউনিট) পক্ষ থেকে কারাবন্দী এই নয়জনের মধ্যে বিভিন্ন কাপড় ও প্রসাধনসামগ্রী বিতরণ করা হয়। তখন ওই ছয় বন্দী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাকীর হোসেনের কাছে তাঁদের দেশে পাঠাতে অনুরোধ করেন।
রঙ্গু মমিন বলেন, অনেক দিন আগেই তাঁর সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। কিছুদিন আগে তাঁকে ভারতে পাঠানোর জন্য শেরপুর কারা কর্তৃপক্ষ সীমান্তে নিয়েও যায়। কিন্তু ঠিকানা গরমিল হওয়ায় ভারতীয় কর্তৃপক্ষ তাঁকে (রঙ্গুকে) গ্রহণ করেনি। শেরপুর জেলা কারাগারের কারাধ্যক্ষ বিকাশ রায়হান জানান, তিনি এ ব্যাপারে কারা মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।