দেশে ফিরতে সহায়তা করায় যুক্তরাজ্যের প্রতি কৃতজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশে ফেরার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের মন্ত্রী ও এমপিদের সাহসী ভূমিকার স্মৃতিচারণা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার লন্ডনে পৌঁছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রধান অ্যান্ড্রিউ প্যাট্রিকের সঙ্গে বৈঠকে এই কৃতজ্ঞতার কথা জানান তিনি। হিথ্রো বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্যাট্রিকের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পাঁচ দিনের সরকারি সফরে গতকাল স্থানীয় সময় সকাল সাতটা পাঁচ মিনিটে লন্ডনে পৌঁছান। পরে তিনি বেলা ১১টা থেকে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ, পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ, সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড ও অলপার্টি পার্লামেন্টারি হিউম্যান রাইটস গ্রুপের সঙ্গে বৈঠক করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ তাঁর সঙ্গে ছিলেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে হাউস অব কমন্সের পোর্টক্যালিস হাউসে ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার জন বারকাউ গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড প্রদান করেন। লেবার পার্টির এমপি এবং ডিএফআইডির ছায়া মন্ত্রী রুশনারা আলীও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রশ্নোত্তর অধিবেশনেও যোগ দেন।শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বৈঠক করবেন। এতে প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন ও জলবায়ু পরিবর্তনসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বেলা একটায় তিনি অক্সফোর্ড ইউনিয়নে বিশ্বশান্তি বিষয়ে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী একটি সেমিনারেও যোগ দেবেন। এর আগে হিথ্রো বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান অ্যান্ড্রিউ প্যাট্রিক, বাংলাদেশের হাইকমিশনার এম সায়েদুর রহমান খান প্রমুখ। পরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে শেখ হাসিনাকে স্বাগত জানান তাঁর ছোট বোন শেখ রেহানা, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্ত, সাধারণ সম্পাদক এম এ গনি, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা সুলতান শরীফ। দলের যুক্তরাজ্য শাখার সভাপতি শামসুদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবুল হোসেন ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে লন্ডনের হোটেল হিলটনে নেওয়া হয়। যুক্তরাজ্য সফরে এ হোটেলে অবস্থান করবেন তিনি।প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে আরও আছেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন ও মুখ্য সচিব এম এ করিম।