দেশে ফিরল অনুপ চেটিয়ার পরিবার
ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়ার স্ত্রী ও দুই সন্তান দেশে ফিরে গেছেন৷ গত শুক্রবার সকালে তাঁরা বাংলাদেশ থেকে সীমান্ত অতিক্রম করে আসামের ডিব্রুগড় জেলার জেরাইগাঁওয়ে নিজেদের বাসভবনে পেঁৗছান৷ আর এর মধ্য দিয়ে অনুপ চেটিয়াকেও শিগগির ভারতে ফেরত পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে৷
গতকাল রোববার টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে এবং এর আগের দিন শনিবার দ্য টেলিগ্রাফ-এ প্রকাশিত দুটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে৷
প্রতিবেদনগুলোতে বলা হয়, ১৪ মে অনুপ চেটিয়ার স্ত্রী মনিকা বড়ুয়া এবং ছেলে বুমনি আকা জুমন (২২) ও মেয়ে বুলবুলি (১৮) ঢাকা ছাড়েন৷ অনুপ চেটিয়া বর্তমানে বাংলাদেশে নিরাপত্তা হেফাজতে রয়েছেন৷ তঁাকে ভারতের কাছে হস্তান্তর করা হতে পারে৷
অনুপের পরিবারের সদস্যরা ১৯৯৫ সাল থেকে ঢাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন৷ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অভিযোগে ১৯৯৭ সালে ঢাকায় গ্রেপ্তার হন অনুপ৷ ওই অপরাধে তাঁর দণ্ডের মেয়াদ শেষ হলেও এখনো তিনি কারাগারে আছেন৷
উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া তঁাকে ভারতের হাতে তুলে না দিতে বাংলাদেশের সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছেন৷
টেলিগ্রাফ জানায়, ভারতে ফেরত যাওয়ার পর অনুপ চেটিয়ার স্ত্রী মনিকা বড়ুয়া সাংবাদিকদের কাছে সপরিবারে তিনি কীভাবে দেশে ফিরলেন, সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান৷ একই সঙ্গে স্বামী অনুপ চেটিয়ার স্বদেশে ফেরার বিষয়টি নিশ্চিত করতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি৷
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনুপ চেটিয়ার ছেলেমেয়েরা ক্যামেরার সামনে হাজির না হলেও পারিবারিক সূত্রে জানা গেছে, জুমান স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন৷ অন্যদিকে বুলবুলি মেডিকেল কলেজের শিক্ষার্থী৷ তাঁরা উভয়েই ঢাকায় পড়ালেখা করেন৷
ডিব্রুগড়ের পুলিশ সুপার রানা ভূঁইয়া টেলিগ্রাফকে বলেন, দেশে অনুপ চেটিয়ার পরিবার ফেরত এসেছে বলে পুলিশ শুনেছে৷ এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে৷
পত্রিকাটি আরও জানায়, ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকায় অনুপ চেটিয়া গ্রেপ্তার হওয়ার সময় তাঁর পরিবারের সদস্যরা ঢাকার শ্যামলীর একটি ছয়তলা ভবনে ভাড়া ছিলেন৷ জন ডেভিড সোলায়মান নাম ধারণ করে অনুপ সেখানকার একটি বেসরকারি সংগঠনে (এনজিও) একজন নির্বাহী হিসেবে কাজ করছিলেন৷
পত্রিকার তথ্য অনুযায়ী, বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ভারত সরকারের তালিকায় এই উলফা নেতার নাম উঠলে ১৯৯২ সাল থেকে আত্মগোপনে চলে যান তিনি৷ আসামের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে পরেশ বড়ুয়া ও অরবিন্দ রাজখোয়ার পাশাপাশি তিনিও অন্যতম প্রভাবশালী নেতা বলে পরিচিত৷ পরেশ ও অনুপ পরস্পর আত্মীয়৷ ২০০৯ সালের ডিসেম্বরে গ্রেপ্তার হন সংগঠনটির চেয়ারম্যান রাজখোয়া৷ তবে এখনো আত্মগোপনে আছেন পরেশ বড়ুয়া৷
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) কামালউদ্দিন আহমেদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, অনুপ চেটিয়ার স্ত্রী বাংলাদেশে কখনো ছিলেন বা ভারতে চলে গেছেন, এটা আমাদের জানা নেই৷