দেশে ফিরলেন অপহৃত ৭ নাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে ফিরলে বিমানবন্দরে এই সাত নাবিককে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। ছবি: ফোকাস বাংলা
দেশে ফিরলে বিমানবন্দরে এই সাত নাবিককে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। ছবি: ফোকাস বাংলা

সাড়ে তিন বছর পর সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি সাত নাবিক আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন। সকাল পৌনে নয়টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তাঁরা হজরত শাহজালাল বিমানবন্দরে নামেন।
এ সময় তাঁদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রিয়ার অ্যাডমিরাল খোরশেদ আলম।
দেশে ফিরে আসা এই সাত নাবিক হলেন আমিনুল ইসলাম, গোলাম মোস্তফা, লিমন সরকার, নুরুল হক, জাকির হোসেন, হাবিবুর রহমান ও আবুল কাশেম।
অভ্যর্থনা জানানোর পর নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সাত নাবিককে এভাবে এত দীর্ঘ সময় পর জীবিত ও অক্ষত উদ্ধার করাটা বাংলাদেশের জন্য গৌরবের।
খোরশেদ আলম বলেন, ‘আমাদের অপহূত সাত নাবিক জীবিত আছেন, এটা জানার পর থেকে তাঁদের সুস্থ অবস্থায় ফিরিয়ে আনার ব্যাপারে বিভিন্ন পক্ষের সহযোগিতায় আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়েছিলাম। এরই ফলে সাতজনকে জীবিত অবস্থায় দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।’

দিনে একটি রুটি ও এক লিটার পানি

উদ্ধার হওয়া নাবিকদের একজন ২৫ বছরের তরুণ আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গত সাড়ে তিন বছর অত্যন্ত দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিন কেটেছে। কী যন্ত্রণার মধ্যে প্রতিটি মুহূর্ত কেটেছে, সেটি আমরা আর আমাদের পরিবারের সদস্যরাই জানে। মুক্তিপণের জন্য তাঁরা আমাদের মারধর করত। কখনো কখনো আমাদের দিয়ে অমানবিক পরিশ্রমের কাজ করিয়েছে। সারা দিনে একটি রুটি ও এক লিটার খাবার পানি দিত।’

আগামীকাল বিকেলে রাজধানীর একটি হোটেলে মুক্তি পাওয়া সাত নাবিক ও তাঁদের পরিবারের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

উদ্ধার হয় ৭ জুন

তিন বছর পর ৭ জুন জলদস্যুর কবল থেকে মুক্তি পান বাংলাদেশের সাত নাবিক। মুক্তি পাওয়ার পর তাঁদের জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) একটি বিশেষ বিমানে কেনিয়ার রাজধানী নাইরোবিতে নেওয়া হয়। ইউএনওডিসি এবং লন্ডনভিত্তিক সামুদ্রিক দস্যুতা ও মানবিক সহায়তা কর্মসূচির (এমপিএইচআরপি) সহযোগিতায় তাঁদের জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামুদ্রিক দস্যুতা ও মানবিক সহায়তা কর্মসূচির (এমপিএইচআরপি) মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় জানতে পেরেছিল অপহূত সাত বাংলাদেশি নাবিক জীবিত রয়েছেন। জাহাজটি মালয়েশিয়ার মালিকানাধীন বলে সে দেশের সরকারকে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। বেশ কয়েক দফা বৈঠক ও যোগাযোগের পর সরকার জানতে পারে জাহাজটিকে এর কর্তৃপক্ষ এনরিচ শিপিং পরিত্যক্ত ঘোষণা করেছে। ১৯৯৩ সালে নির্মিত এমভি আলবেদো নিয়মিত রক্ষণাবেক্ষণ না করাতেই ডুবে যায়। অপহূত নাবিকদের মুক্তির জন্য এমপিএইচআরপির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে বাংলাদেশ। ২০১৩ সালের মার্চে এমপিএইচআরপির একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসে।

যেভাবে অপহূত হন তাঁরা

বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে জানানো হয়, ২০১০ সালের ২৬ নভেম্বর সোমালিয়ার উপকূল থেকে ৯০০ মাইল দূরে অপহরণ করা হয় মালয়েশিয়ার পণ্যবাহী জাহাজ এমভি আলবেদো। সংযুক্ত আরব আমিরাত থেকে কেনিয়া যাওয়ার পথে অপহূত জাহাজটিতে বাংলাদেশের সাতজনসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইরানের ২৩ জন নাবিক ছিলেন। ২০১৩ সালের জুলাইয়ে জাহাজটি ডুবে গেলে শ্রীলঙ্কার চারজন ও ভারতের একজন নাগরিক মারা যান। অপহূত ১৮ নাবিককে অন্য একটি জাহাজে সরিয়ে নেয় দস্যুরা।