দেশে ফিরল আরও ১২৫ বাংলাদেশি

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমার উপকূল থেকে উদ্ধার হওয়া আরও ১২৫ জন বাংলাদেশিকে আজ মঙ্গলবার দেশে ফিরিয়ে আনা হয়েছে। বেলা দেড়টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা মিয়ানমার থেকে বাংলাদেশের ঘুমধুম সীমান্ত দিয়ে তাঁদের দেশে ফিরিয়ে আনেন। এর আগে চার দফায় ৫০১ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলামের নেতৃত্বে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারে যান। এরপর সেখানকার মংডু জেলার ঢেকিবুনিয়া বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ফাঁড়িতে সে দেশের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রি ডিপার্টমেন্টের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবি। বৈঠকে পঞ্চম দফায় ১২৫ জন বাংলাদেশিকে বিজিবি কাছে হস্তান্তর করা হয়।
বৈঠকে ২২ সদস্যের মিয়ানমার দলের নেতৃত্ব দেন সেদেশের মংডু জেলা ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রি ডিপার্টমেন্টের উপপরিচালক ইউ স নাইং। বেলা দেড়টার দিকে অভিবাসীদের মৈত্রী সেতু দিয়ে বাংলাদেশ সীমান্তের ঘুমধুম উচ্চবিদ্যালয়ে নিয়ে আসেন বিজিবি।
লে. কর্নেল রবিউল ইসলাম জানান, ১২৫ বাংলাদেশির মধ্যে কক্সবাজার জেলার বাসিন্দা রয়েছে ৮৪ জন। অন্যদের বাড়ি নরসিংদী, নারায়ণগঞ্জ, হবিগঞ্জসহ দেশের ১৩ জেলায়। ফিরিয়ে আনা অভিবাসীদের মধ্যে শিশু-কিশোর রয়েছে ২৪ জন। আইনানুগ কার্যক্রমের জন্য এই ১২৫ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, এই ১২৫ জনকে একাধিক বাসে করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আনা হচ্ছে। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, ৮ জুন প্রথম দফায় ১৫০ জনকে, ১৯ জুন দ্বিতীয় দফায় ৩৭ জনকে, তৃতীয় দফায় ২২ জুলাই ১৫৫ জনকে ও ৯ আগস্ট চতুর্থ দফায় ১৫৯ জন বাংলাদেশিকে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা হয়।