দেশে ফিরল আরও ৩৭ অভিবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া আরও ৩৭ বাংলাদেশি অভিবাসীকে ফেরত আনা হয়েছে। গতকাল শুক্রবার সে দেশের অভিবাসন বিভাগের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বৈঠকের পর অভিবাসীদের দেশে ফিরিয়ে আনা হয়। মিয়ানমারের মংডুতে অনুষ্ঠিত ওই বৈঠকে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরাও (বিজিপি) উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, গতকাল সকাল ১০টায় উখিয়ার ঘুমধুম সীমান্ত দিয়ে (বাংলাদেশ-মিয়ানমার মৈত্রীসেতুর ওপর দিয়ে) বাংলাদেশ প্রতিনিধিদল মিয়ানমার যান। সেতুর কাছে একটি জায়গায় দুই দেশের মধ্যে পতাকা বৈঠক হয়। বেলা সাড়ে ১২টায় বিজিবি সদস্যরা ৩৭ জন বাংলাদেশি অভিবাসীদের নিয়ে ঘুমধুম বিজিবি বিওপিতে (ফাঁড়ি) ফিরে আসেন। বিজিবি কক্সবাজার সেক্টরের মেজর মুহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত ৮ জুন একই সীমান্ত দিয়ে ফিরিয়ে আনা হয় ১৫০ জন অভিবাসীকে। এর মধ্যে কিশোর ছিল ২৪ জন। ফিরিয়ে আনা অভিবাসীদের মধ্যে দুজন রোহিঙ্গাকে শনাক্ত করা হয়। এ ছাড়া অস্ত্র ও হত্যা মামলার আসামি ছিলেন দুজন।
বিজিবি জানায়, মিয়ানমার থেকে ফেরত আনা ৩৭ অভিবাসীর মধ্যে হবিগঞ্জের ১১, কিশোরগঞ্জের ৮, বগুড়ার ৭, সিরাজগঞ্জের ৫, সুনামগঞ্জের ৪, মাদারীপুর ও জামালপুর জেলার একজন করে রয়েছেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ প্রথম আলোকে জানান, ৩৭ অভিবাসীকে ঘুমধুম সীমান্ত থেকে বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আনা হয়। সেখানে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিবাসীদের জিজ্ঞাসাবাদসহ আইনি কার্যক্রম চালাচ্ছেন। আজ শনিবার আদালতের মাধ্যমে অভিবাসীদের স্বজনদের এবং শিশুদের রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। অভিবাসীদের মধ্যে রয়েছে তিন শিশু রয়েছে।
বিজিবি সূত্র জানায়, গত ২১ মে মিয়ানমার উপকূল থেকে ২৮৪ জন অভিবাসীকে উদ্ধার করে সে দেশের নৌবাহিনী। তাঁরা ট্রলারে করে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিলেন। তাঁদের মধ্য থেকে ১৫০ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে ফেরত আনা হয়। তবে গতকাল ফেরত আনা ৩৭ জন ওই তালিকার কি না, সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে বলতে পারেনি।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার।