দেশে ফিরল পাঁচ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দালালের খপ্পরে পড়ে অবৈধপথে ভারতে যাওয়া বাংলাদেশি পাঁচ শিশু গতকাল শনিবার দেশে ফিরেছে। তারা ভারতের বালুরঘাট শোভায়ন হোমের শিশু সংশোধনাগারে এক থেকে আড়াই বছর আটক ছিল।
ফেরত আসা শিশুরা হলো নীলফামারীর ডোমার উপজেলার হাসানরাজা গ্রামের জিতেন অধিকারী (১৫), ঢাকার পল্লবী থানার তালেব ক্যাম্প এলাকার আকাশ (১২), কুড়িগ্রামের নাগেশ্বরীর হাসনাবাদ গ্রামের হোসেন আলী (১৬), কিশোরগঞ্জের বাজিতপুরের কয়কুড়ি গ্রামের মোবারক হোসেন (১৩) এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের গোজডাপান গ্রামের শান্ত হোসেন (১৪)।
ভারত ও বাংলাদেশের জাস্টিস অ্যান্ড কেয়ার নামের এক বেসরকারি সংস্থার উদ্যোগে ও সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়। হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে গতকাল বেলা ১১টায় ভারতের হিলি অভিবাসন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির মন্ডল বাংলাদেশের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি রফিকুজ্জামানের কাছে ওই পাঁচ শিশুকে হস্তান্তর করেন। পরে শিশুদের তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় সেখানে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুল হক ও বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) হিলি ক্যাম্পের অধিনায়ক পঙ্কজ সিং উপস্থিত ছিলেন।
ফেরত আসা শিশুরা বলে, দালালের খপ্পরে পড়ে অবৈধপথে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে ঢোকার পরে ভারতের বালুরঘাট ও তীরমনিতে বিএসএফ তাদের আটক করে। পরে আদালতে নেওয়া হলে সেখান থেকে তাদের শিশু সংশোধনাগারে রাখা হয়।
চেকপোস্ট গেটের শূন্যরেখায় শোভায়ন হোমের কো-অর্ডিনেটর সুরুজ দাশ বলেন, এই শিশুরা বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়ে এসেছিল।