দেশে ফিরলে তারেক কোকোর বিচার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো চিকিৎসা শেষে দেশে ফিরলে তাঁদের দুর্নীতির বিচার করা হবে।গতকাল বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।এত দিন কেন তাঁদের বিচারের উদ্যোগ নেওয়া হয়নি—এ প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, মহাজোট সরকারের সামনে এত দিন বঙ্গবন্ধু হত্যা মামলার রায়, যুদ্ধাপরাধীদের বিচার, বিডিআর বিদ্রোহের বিচার ইত্যাদি বিষয় ছিল। তাই সরকার দুর্নীতিবাজদের বিচারের বিষয়ে নজর দিতে পারেনি। তিনি বলেন, এখন দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তারেক-কোকোর দুর্নীতির বিচার করা হবে।বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো তত্ত্বাবধায়ক সরকারের আমলে যথাক্রমে জামিনে ও প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশে যান। বর্তমানে তারেক লন্ডনে ও কোকো ব্যাংককে আছেন।সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ আরও বলেন, দেশে থাকুক আর বিদেশে থাকুক, কোনো দুর্নীতিবাজ ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীকেই রেহাই দেওয়া হবে না। পলাতক বা প্যারোলে থাকলেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।আওয়ামী লীগের নেতা দাবি করেন, ২০০৬ সালে খালেদা জিয়া ক্ষমতা ছাড়ার আগে ১৮৫টি লাগেজ ভর্তি করে যে টাকা বিদেশে পাচার করেছিলেন, তা নিয়েও তদন্ত হচ্ছে। সবকিছুই বেরিয়ে আসবে। তিনি বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে বলেন, ‘কাচের ঘরে বসে অন্যকে ঢিল ছুড়বেন না।’ঈদের পর সরকারবিরোধী কঠোর আন্দোলনে নামবে বলে বিএনপির ঘোষণা প্রসঙ্গে মাহবুব উল আলম বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার বানচাল এবং তারেক ও কোকোর দুর্নীতি আড়াল করার লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি দিলে আওয়ামী লীগ ছাড় দেবে না।সরকার বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংসের চক্রান্ত করছে বলে বিএনপি নেতাদের অভিযোগের বিষয়ে মাহবুব উল আলম বলেন, ‘যে পরিবারের দুই সন্তান অর্থ পাচার ও চোরাচালানের অভিযোগে অভিযুক্ত এবং মাদকাসক্ত বলে প্রমাণিত, ওই পরিবারকে ধ্বংস করার কী আছে।’সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, মির্জা আজম, আওয়ামী লীগের নেতা আফজাল হোসেন, মৃণালকান্তি দাস, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।