দেশে ফিরলে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আ.লীগ

সাউথ সাউথ পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে দলটি। আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আগামী সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। দারিদ্র্য দূরীকরণে অনন্য সাধারণ অবদানের জন্য সম্মানজনক সাউথ সাউথ পুরস্কার লাভ করায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।’
প্রধানমন্ত্রীর জন্মদিনে কর্মসূচি
আগামী শনিবার আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৬৭তম জন্মদিন। এ উপলক্ষে ওই দিন বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত, ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল, বস্ত্র বিতরণ ও আলোচনা সভার সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুর ১২টায় ঢাকেশ্বরী মন্দিরে এবং প্যাগোডা, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিভিন্ন এতিমখানাসহ দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভানেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।