দেশে ফিরলেও বাড়ি ফেরা হলো না কাউসারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর পর দেশে ফেরা। স্বপ্ন, পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ করবেন। সেই স্বপ্নে বিভোর কাউসার বাবা-ভাইয়ের সঙ্গে বিমানবন্দর থেকে প্রাইভেটকারে করে বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু সেই স্বপ্ন কেড়ে নিল দুর্ঘটনা। বাড়ি ফেরা হলো না কাউসারের।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকায় তাঁদের বহনকারী প্রাইভেটকারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মো. কাউসার (২৫) ও চালক শাহীন মিয়া (২৬)। আহত হন কাউসারের বাবা মো. শামছুদ্দিন ও ভাই মো. রিপন মিয়া। তাঁদের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার চারিয়া গ্রামে।

পুলিশ জানায়, আহত শামছুদ্দিন ও রিপনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ মোল্লা জানান, বাসটিকে আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলেছে। তবে পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যাওয়ার আবেদন করেছে।