দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ডে পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরেছেন। আজ শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইনসের বিমানটি পৌঁছায়।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) নির্বাহী চেয়ারম্যান প্রফেসর ক্লাউস সোয়াবের আমন্ত্রণে সংস্থার ৪৭তম বার্ষিক সভায় যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোস যান প্রধানমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন।
বাংলাদেশি নেতা হিসেবে শেখ হাসিনাই প্রথম এই বার্ষিক সভায় অংশগ্রহণ করলেন। তিনি সেখানে রাষ্ট্রনায়ক, শীর্ষ ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, যোগাযোগবিদ, চিন্তাবিদ ও প্রযুক্তিবিদদের সঙ্গে নানা গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন।
বার্ষিক ওই সভায় অংশগ্রহণ ছাড়াও প্রধানমন্ত্রী ডব্লিউইএফের নির্বাহী চেয়ারম্যান প্রফেসর ক্লাউস সোয়াবের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রাষ্ট্রনায়ক, সরকারপ্রধানসহ বিভিন্ন দেশ ও সংস্থার শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।