সৌদি আরবের রিয়াদে গাজী জাকির হোসেন (৩০) নামের এক বাংলাদেশি খুন হয়েছেন। সেখানে থাকা তাঁর অপর ভাই ফোনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রামের বাড়িতে বিষয়টি জানিয়েছেন। পরিবারের ধারণা, সৌদি আরবে শ্রমিক নিয়োগ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড।
জাকির হোসেনের বাড়ি সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে। তিনি ওই গ্রামের বাসিন্দা গাজী কাঞ্চন মিয়ার চতুর্থ ছেলে। এক মাস পরেই দেশে ফিরে বিয়ে করার কথা ছিল জাকিরের। বিয়ের জন্য পাত্রী ঠিক করাসহ কথাবার্তা চূড়ান্তও ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, জাকির হোসেন ১২ বছর আগে বড় ভাই গাজী দুলাল মিয়ার (৩৫) হাত ধরে সৌদি আরবে যান। বিদেশে কাজ করে তাঁরা ধীরে ধীরে বেশ টাকাপয়সার মালিক হন। সম্প্রতি তাঁরা দুটি বহুতল ভবন করেছেন। জাকিরের বড় তিন ভাই বিয়ে করেছেন। এবার জাকিরকে বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করে পরিবার। উপজেলার এক জনপ্রতিনিধির মেয়ের সঙ্গে তাঁর বিয়ে চূড়ান্ত হয়। কথা ছিল, এক মাস পর দেশে ফিরবেন জাকির। এরপর বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হবে। এর মধ্যেই বুধবার দুপুরে খবর আসে, জাকির খুন হয়েছেন।
জাকিরের সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদে একই এলাকায় থাকেন অপর বড় ভাই সুরাহান মিয়া (৩২)। তিনিই বুধবার দুপুরে ফোন করে পরিবারকে এই খবর দেন। জানান, জাকিরকে গলা কেটে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে কয়েকজন। খুনের বীভৎস ছবিও তিনি পাঠান দেশে থাকা বড় ভাই গাজী দুলাল মিয়ার কাছে।
দুলাল মিয়া প্রথম আলোকে বলেন, জাকির ও সুরাহান রিয়াদ নগরের হারা এলাকায় থাকতেন। তাঁদের সঙ্গে থাকতেন আরও কয়েকজন বাংলাদেশি। তাঁরাই এই হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
পরিবার বলছে, জাকিরের সঙ্গে একই কক্ষে থাকতেন ধামাউড়া গ্রামের দুজন। একজন চাচাতো ভাই রুমান মিয়া (২৫), অন্যজন সম্পর্কে ভাতিজা আক্কাস মিয়া (৩৫)। পাশের কক্ষে থাকতেন জাকিরের বড় ভাই সুরাহান মিয়া। বুধবার স্থানীয় সময় সকাল সাতটার দিকে সবাই নিজ নিজ কর্মস্থলে চলে যান। তবে জাকির হোসেন তাঁর কক্ষেই ছিলেন। দুপুরের দিকে সুরাহান মিয়া খবর পান, জাকিরকে গলা কেটে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় পুলিশ রুমান মিয়া ও আক্কাস মিয়াসহ ১০–১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
দুলাল মিয়া বলেন, জাকির হোসেন দীর্ঘদিন ধরে সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক বাংলাদেশি শ্রমিক নিয়োগ দিতেন। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। তাঁদের ধারণা, ওই ব্যক্তিরাই জাকিরকে তাঁর সঙ্গে থাকা কয়েকজনকে দিয়ে হত্যা করিয়েছেন। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে খুনিদের চিহ্নিত করা এবং জাকিরের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন দুলাল মিয়া।
মামলার বিষয়ে পরিবার বলছে, সৌদি আরবে তদন্তের পরপর জানা যাবে হত্যাকাণ্ডের পরিকল্পনায় বাংলাদেশে অবস্থানরত কেউ যুক্ত কি না। পরিবারের সদস্যরা এখন ওই তদন্তের অপেক্ষায় আছেন। সেখানকার তদন্তের পরই তাঁরা সরাইলে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, খুন সৌদি আরবে হলেও সেই পরিকল্পনায় এখানকার কেউ জড়িত থাকার বিষয়টি অসম্ভব নয়। সে ক্ষেত্রে এখানে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। থানায় মামলা হলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।