
‘গোলাগুলির শব্দে সব সময়ই আতঙ্কে থাকতাম। এর মধ্যে একদিন জঙ্গিরা এসে আমাদের ৩১ জনকে জিম্মি করল। বেঁচে থাকার আশা ছেড়েই দিয়েছিলাম। দীর্ঘ ২৪ দিন বন্দী রেখে আমাদের কুর্দিস্তানে নেওয়া হয়। সেখান থেকে ইরবিল বিমানবন্দরে আরও ১৬ দিন। অবশেষে বেঁচে ফিরলাম দেশে। বুঝতে পারছি মুক্তির আনন্দ কী।’
গৃহযুদ্ধকবলিত ইরাকে জিম্মিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে এভাবেই প্রথম আলোর কাছে নিজের অনুভূতি প্রকাশ করলেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক মোহাম্মদ আলামীন। সাড়ে চার লাখ টাকা খরচ করে মাত্র নয় মাস আগে তিনি ইরাকে গিয়েছিলেন। খরচ ওঠেনি। তবু তিনি আনন্দিত। এই আনন্দ বেঁচে স্বদেশে ফেরার।
আলামীনসহ ১৫ জন বাংলাদেশি দীর্ঘ প্রায় দেড় মাসের অনিশ্চিত জীবন শেষে গতকাল শনিবার দেশে ফিরেছেন। প্রত্যেকের চোখে-মুখে ছিল দেশে ফেরার আনন্দ।
জিম্মিদশার দিনগুলোর কথা জানতে চাইলে নরসিংদীর হান্নান মিয়া বলেন, ‘তিকরিতের গভর্নর হাউসে ৩১ জন বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকরি করতাম। যুদ্ধাবস্থা শুরু হলে একদিন বিদ্রোহীরা গভর্নর হাউসের দখল নেয়। এরপর তারা আমাদেরকে জিম্মি করে। আমরা অনুনয় করে বলি, ভাই, আমরা চাকরি করতে এই দেশে এসেছি। আমাদের মেরো না। তাদের মন গলে। তারা আমাদের মারবে না বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু ২৪ দিন আটকে রাখে।’
ময়মনসিংহের মোহাম্মদ মোস্তফা জানান, ২৪ দিন পর তিকরিত থেকে তাঁদের পাশের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৪৬ জন ভারতীয় নার্সকে জিম্মি করে রাখা হয়েছিল। তাঁদেরসহ বাংলাদেশিদের কুর্দিস্তানে রেখে আসে বিদ্রোহীরা। পরে কুর্দিস্তানের নিরাপত্তা বাহিনী ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের বলে বাংলাদেশিদের বিমানবন্দরে নিয়ে যেতে। এরপর তাদের ইরবিল বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করার পর দেশে ফেরার ব্যবস্থা হয়।
এই তিনজন ছাড়া গতকাল আরও যে ১২ জন দেশে ফিরেছেন তাঁরা হলেন: ময়মনসিংহের মাহবুব আলম, শরীয়তপুরের জসিম সরকার, নরসিংদীর হান্নান মিয়া ও রাসেল মিয়া, মুন্সিগঞ্জের স্বপন মোল্লা, গাজীপুরের শফিকুল ইসলাম, বগুড়ার বাতেনুর রহমান, টাঙ্গাইলের বাবুল মিয়া, কক্সবাজারের নান্নু মিয়া, নারায়ণগঞ্জের ওয়াহিদ হোসেন, কিশোরগঞ্জের নূর আলম, মাগুরার মোকাদ্দেস হোসেন ও গোপালগঞ্জের সেলিম শেখ।
ফিরে আসা বাংলাদেশিরা জানান, ইরবিল বিমানবন্দর থেকে তাঁদের ১৬ জন পালিয়ে যান। কারণ জানতে চাইলে তাঁরা বলেন, চার-পাঁচ লাখ টাকা খরচ করে একেকজন ইরাকে গেছেন। অনেকেই খরচের টাকা তুলতে পারেননি। তাই তাঁরা ফিরতে চাননি।
১ থেকে ১১ জুলাই পর্যন্ত ৮৫ জন নিজ উদ্যোগে ইরাক থেকে দেশে ফিরেছেন। তবে গতকালের ১৫ জন এসেছেন সরকারি উদ্যোগে। এ সময় বিমানবন্দরে উপস্থিত ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মোহাম্মদ জিয়াউদ্দীন প্রথম আলোকে জানান, সরকারি ব্যবস্থাপনায় গতকালই প্রথম ১৫ জন ইরাক থেকে দেশে ফিরলেন।
ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল রেজানুর রহমান খান প্রথম আলোকে বলেন, অনেকেই যুদ্ধাবস্থার মধ্যেও এখানে থেকে খরচের টাকা তুলতে চান। এ ১৫ জন দূতাবাসের সহযোগিতায় ফিরেছেন। এ জন্য দূতাবাসের প্রায় ১০ হাজার ডলার খরচ হয়েছে।