দেশে ফিরে সেফ হোমে 'বন্দী' এক নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি সিলেটের বিশ্বনাথে। বিয়ে করে চলে যান যুক্তরাজ্যে। সেখানে ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন। ৬ জুন দেশে ফেরেন। কিন্তু দেশে ফেরাটা তাঁর জন্য সুখকর হলো না। তাঁকে ঘিরে অপহরণ মামলা করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলাটি করেন ভুক্তভোগী নারীর (২৮) ছোট ভাই। মামলার বিষয়টি জানতে পেরে ওই নারী ৯ জুন বিশ্বনাথ থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি করেন। এতে তাঁর নিকটাত্মীয় কয়েকজনের নাম উল্লেখ করে নিরাপত্তাহীনতার কথা জানান তিনি। এরপর ১৫ জুন আদালতে হাজির হয়ে তিনি অপহৃত হননি বলে জানান।
পুলিশ তখন মামলার তদন্তের স্বার্থে তাঁর জবানবন্দি গ্রহণ করে এবং তাঁর নিরাপত্তাহীনতার বিষয়টি জানিয়ে আদালতে আবেদন করে। পরে আদালতের নির্দেশে তাঁকে ওই দিনই Ñসেফ হোমে পাঠানো হয়।
আজ বুধবার ওই নারীকে সিলেট মহানগর হাকিম (আমলি-২) আদালতে হাজির করা হতে পারে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ওই নারী অপহৃত হননি বলে জানিয়েছেন। তবে তাঁকে আদালত থেকে বাড়ি নিয়ে যেতে তাঁর মা ও ভাই দুটি আবেদন করেছেন। কিন্তু তিনি মা-ভাইয়ের কাছে যেতে রাজি নন। এ অবস্থায় আদালত তাঁকে নিরাপত্তা হেফাজতে পাঠিয়ে আজ এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। আদালত সিদ্ধান্ত দিলে আজ তিনি সেফ হোম থেকে মুক্ত হতে পারেন।
বিমানবন্দর থানায় ওই নারীর ভাইয়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, বৈবাহিক সূত্রে তাঁর বোন যুক্তরাজ্যের নাগরিকত্ব লাভ করেন। যুক্তরাজ্যে ২০১০ সাল থেকে তিনি বসবাস করছেন। তাঁর দুটি সন্তান রয়েছে। ৬ জুন তিনি একা দেশে ফেরেন। সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে বিশ্বনাথের এক যুবক কয়েকজন সঙ্গী নিয়ে তাঁর বোনকে অপহরণ করেন। মামলায় অপহরণের প্রত্যক্ষদর্শী হিসেবে ওই নারীর মাসহ তিনজনের নাম উল্লেখ করা হয়। এর মধ্যে মো. মতিন মিয়া নামের এক ব্যক্তি রয়েছেন।
অন্যদিকে ওই নারী তাঁর জিডিতে উল্লেখ করেছেন, যুক্তরাজ্যে বসবাসকালে প্রায় এক বছর হয় তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। দুই সন্তান নিয়ে তিনি আলাদা বসবাস করছেন। সম্প্রতি ছুটি কাটাতে তিনি দেশে ফেরেন। এখন তাঁর প্রাক্তন স্বামীর পক্ষের আত্মীয় মতিন মিয়ার কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে মতিন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি ‘পারিবারিক’ বলে কথা বলতে রাজি হননি। একইভাবে মামলার বাদীও কোনো কথা বলেননি।
তবে অপহরণ মামলার প্রধান আসামি বিশ্বনাথের ওই যুবক বলেন, ওই নারীর সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বিবাহবিচ্ছেদের পর প্রথম একা দেশে ফেরায় তাঁর অনুরোধেই তিনি বিমানবন্দরে গিয়ে তাঁকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। এ কারণে অপহরণ মামলায় তাঁকে আসামি করা হয়েছে।