দেশে ফিরেই জামিন পেলেন ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পুলিশের কর্তব্যকাজে বাধা, গাড়ি ভাঙচুরসহ সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগে করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পেয়েছেন।

অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবীরের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কদমতলী থানায় দায়ের করা ওই মামলার শুনানি শেষে পাঁচ হাজার টাকার মুচলেকায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

রোববার এ মামলায় মির্জা ফখরুলসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকায় সেদিন আদালতে হাজির হতে পারেননি তিনি। দেশে ফিরে তিনি সরাসরি আদালতে যান।

২০১২ সালে করা এ মামলার এজাহারে মির্জা ফখরুল আসামি ছিলেন না। কদমতলী থানার পুলিশ গত ১৬ জানুয়ারি মির্জা ফখরুলসহ ৬১ জনের বিরুদ্ধে এই মামলায় আদালতে অভিযোগপত্র দেয়। রোববার এ মামলার অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য ধার্য তারিখ ছিল। মির্জা ফখরুলসহ তিনজনকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আদালত অভিযোগপত্র আমলে নিয়ে তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ সময় বিএনপির সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদসহ অভিযোগপত্রভুক্ত অপর ৫৮ জন আসামি আদালতে হাজির ছিলেন। আদালত আগামী ২৬ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
অভিযোগপত্রে বলা হয়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধ চলাকালে রাজধানীর পোস্তগোলা এলাকায় বিএনপির নেতা-কর্মীরা রাস্তায় টায়ার পুডিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পুলিশের কর্তব্যকাজে বাধা, মারধর ও গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে একটি তেলবাহী গাড়িতে আগুন দেন। মির্জা ফখরুলের বক্তব্য ও প্ররোচনায় আসামিরা উদ্বুদ্ধ হয়ে এ অপকর্ম চালান বলে তাঁকে উসকানিদাতা হিসেবে অভিযোগপত্রে আসামি করা হয়।
আদালত সূত্রে জানা যায়, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এবং পরে ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহতের আন্দোলন চলাকালে রাজধানীতে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ হত্যাসহ বিভিন্ন অভিযোগে ঢাকার ২২টি থানায় বিএনপির নেতাদের বিরুদ্ধে দুই শতাধিক মামলা করা হয়। এর মধ্যে ৪৬টি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে আসামি করা হয়। ২৩টি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। কয়েকটিতে এরই মধ্যে অভিযোগ গঠন করা হয়েছে।