দেশে ফিরেই জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ফিরেই জ্যেষ্ঠ মন্ত্রী ও দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গত রাতে গণভবনে বৈঠকটি চলছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠকে উপস্থিত সূত্র প্রাথমিকভাবে জানিয়েছে, গাজীপুরসহ পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পরাজয়, সাংগঠনিক অবস্থাসহ সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁরা আলোচনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও বেলারুশে এক সপ্তাহের সফর শেষে গতকাল বুধবার বেলা দুইটায় দেশে ফিরেছেন। নির্ধারিত সফরসূচির এক দিন আগেই দেশে ফিরেন তিনি। শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ মন্ত্রিসভার সদস্যরা। এ সময় মন্ত্রিপরিষদের সচিব ও তিন বাহিনীর প্রধানেরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।উপস্থিত সূত্র জানায়, সৈয়দ আশরাফের সঙ্গে কুশল বিনিময়ের পর প্রধানমন্ত্রী সরাসরি তাঁকে স্বাগত জানাতে আসা বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খানকে উদ্দেশ করে বলেন, ‘আপনি এখানে? আপনি কী করেন?’ প্রধানমন্ত্রী বিমানবন্দরের সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।