দেশে ফিরেই পুলিশ 'চিনলেন' তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে করে ওমান থেকে গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন রুপন কুমার চৌধুরী। সে দেশে তিনি নির্মাণশ্রমিকের কাজ করতেন। দেড় বছর পর দেশে ফেরেন পঞ্চাশোর্ধ্ব এই ব্যক্তি। বাড়ি বোয়ালখালীতে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে যাত্রীবাহী লেগুনায় করে বহদ্দারহাটে যাচ্ছিলেন তিনি। সেখান থেকে বাসে করে বাড়ি যাওয়ার কথা ছিল তাঁর।
পথে নগরের সিমেন্ট ক্রসিং এলাকায় তল্লাশির জন্য লেগুনাটি থামায় পুলিশ। তখন বেলা সাড়ে ১১টা। অন্য যাত্রীদের সঙ্গে রুপন কুমারের ব্যাগেও তল্লাশি চলানো হয়। তাঁর সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতরে ৫ রিয়ালের (ওমানের মুদ্রা) ৬০০টি নোট পায় পুলিশ। পরে লেগুনা থেকে তাঁকে নামিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়। এ সময় তাঁর কাছে পুলিশ টাকা দাবি করে। সন্ধ্যার সময় ইপিজেড থানায় নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে চোরাচালানের অভিযোগে পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করে। পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাঁকে।
গত মঙ্গলবার রুপন কুমারের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী জাহিদুল ইসলাম তালুকদার। আবেদনে তিনি উল্লেখ করেন, বেতনের টাকা নিয়ে দেশে ফেরেন রুপন। তাঁর বিরুদ্ধে মামলা করা ও কারাগারে আটক রাখা অমানবিক।
জামিনের আবেদন মঞ্জুর করে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী আদেশে উল্লেখ করেন, আসামি একজন ওমানপ্রবাসী হওয়ায় তাঁর সঙ্গে ওই দেশের মুদ্রা থাকা স্বাভাবিক। সঙ্গে পাসপোর্ট ও বিমানের টিকিট থাকার পরও তাঁকে বেআইনিভাবে আটক করা হয়েছে। এ ঘটনায় ইপিজেড থানার ওসি আবুল বাশার, এসআই আনিচুল হকসহ সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে কেন মামলা করা হবে না তা তিন দিনের মধ্যে সশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে বলেন বিচারক।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ‘ইপিজেড থানার ওসিসহ তিন পুলিশকে সশরীরে হাজির হয়ে এক প্রবাসীর বিরুদ্ধে চোরাচালানের মামলা করার কারণ ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।’
গতকাল বুধবার বিকেলে রুপন কুমার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। কারাফটকের সামনে তিনি প্রথম আলোকে বলেন, বেশ কয়েক মাস ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন তিনি। এ জন্য এক লোকের মাধ্যমে কিছুদিন আগে বাংলাদেশ থেকে ওষুধ আনান তিনি। কিন্তু ওষুধটি ছিল মেয়াদোত্তীর্ণ। যে কারণে ওমানের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ১০ দিন কারাভোগের পর মুক্তি পান। এরপর দেশে ফেরার সিদ্ধান্ত নেন। নিজের বেতন ও প্রবাসী কয়েকজনও তাঁকে কিছু রিয়াল দেন। তিনি বলেন, পুলিশকে সব খুলে বলার পরও তারা কথা শোনেনি। শেষে পাসপোর্ট ও বিমানের টিকিট দেখান, তাতেও কাজ হয়নি।
রুপন কুমার বলেন, অসুস্থ হয়ে পড়ায় দেশে ফিরে এসেছেন। পুলিশের মামলা ও ছয় দিন কারাভোগ কপালের দুঃখ ছাড়া আর কিছু নয়।
মামলার বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ঘোষণা না দিয়ে এবং পাসপোর্টে এনডোর্স না করে বিদেশি মুদ্রা দেশে আনায় তাৎক্ষণিকভাবে চোরাচালানের আইনে মামলাটি হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী ও ইপিজেড থানার এসআই আনিচুল হক সরকার গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রবাসী রুপন চৌধুরীর কাছে থাকা বিদেশি মুদ্রা বেশি মনে হয়েছে। তাই মামলা করা হয়েছে।’ আদালতের আদেশ পেয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘পেয়েছি। আদালতে হাজির হয়ে জবাব দেব।’