দেশে ফিরেছে রৌপ্য পদক জয়ী গণিত দল

৫৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) রৌপ্য পদক জয় করে দেশে ফিরল বাংলাদেশ গণিত দল।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে আটটার দিকে লাল-সবুজের পোশাক পরে একে একে বিমানবন্দরের ভেতর থেকে গণিত দলের ছয় সদস্য নূর মোহাম্মদ শফিউল্লাহ, আদিব হাসান, মো. সানজিদ আনোয়ার, সাজিদ আখতার, আসিফ-ই-

ইলাহী ও মুতাসিম মিম এবং উপদলনেতা মুনির হাসান ও পর্যবেক্ষক তামিম শাহরিয়ার বেরিয়ে আসেন। তাঁদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন প্রথম আলোর পক্ষে উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন।
এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া এবং গণিত অলিম্পিয়াডের সেচ্ছাসেবকদের (মুভার্স) একটি দল ও গণিত দলের সদস্যদের স্বজনেরা।
গত ৩ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শহরে অনুষ্ঠিত আইএমও-তে অংশ নিয়ে বাংলাদেশ দলের নূর মোহাম্মদ শফিউল্লাহ রৌপপদক এবং আদিব হাসান ব্রোঞ্জপদক অর্জন করেন। এছাড়া দলের বাকী চার সদস্য পেয়েছেন সম্মানসূচক স্বীকৃতি।
বিমানবন্দরে গণিত দলের উপদলনেতা মুনির হাসান বলেন, ‘এবার আমাদের দলের সবারই প্রস্তুতি অনেক ছিল ভালো। তাঁরা নিজেদের তুলে ধরতে চেষ্টা করেছে এবং ভালো করেছে।’
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে বাংলাদেশ আইএমও তে অংশগ্রহণ করছে। এবার নিয়ে গত ১০ বছরে বাংলাদেশ মোট ২টি রৌপ্য পদক, ১০ টি ব্রোঞ্জ ও ২০ সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় সারা দেশে গণিত উত্সব আয়োজনের মাধ্যমে ৫৫তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচন করে করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।