ইয়েমেন থেকে ফিরলেন আরও ৩৩৭ বাংলাদেশি

গৃহযুদ্ধ ও সৌদি নেতৃত্বাধীন বিমান হামলায় পর্যুদস্ত ইয়েমেন থেকে ৩৩৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ রোববার ভোররাতে বাংলাদেশ বিমানের দুটি বিশেষ ফ্লাইটে তাঁরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
দেশে ফেরা এই বাংলাদেশিদের ভারতের সহায়তায় উদ্ধার করা হয়। আজ তাঁরা ভারতের কেরালা থেকে ঢাকায় এলেন। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইয়েমেনে আটকে পড়া অন্য বাংলাদেশিদেরও দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
এর আগে ইয়েমেন থেকে বেশ কিছু বাংলাদেশি দেশে ফেরেন।
১১ এপ্রিল ইয়েমেন থেকে জিবুতি হয়ে প্রথম দফায় ১১ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। এ পর্যন্ত ৩৬৩ জনকে ফিরিয়ে আনা হয়েছে। আর দেশে ফেরার জন্য এখন পর্যন্ত ইয়েমেনে অবস্থানরত অনেক বাংলাদেশি নিজেদের নাম নিবন্ধন করেছেন। কুয়েতের বাংলাদেশ দূতাবাস ও তুরস্কের বাংলাদেশ দূতাবাসের কয়েকজন কর্মকর্তা জিবুতিতে বাংলাদেশের লোকজনের প্রত্যাবাসন প্রক্রিয়ার সমন্বয় করছেন।
ইয়েমেনের সানা, এডেন হুদায়দাসহ বিভিন্ন শহর থেকে বাংলাদেশের লোকজনকে ভারতের বিমানে ও নৌবাহিনীর জাহাজে জিবুতিতে সরিয়ে নেওয়া হয়। এরপর সেখান থেকে ফ্লাইটে বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে।