দেশে ফিরেছেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরব সফর শেষে বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গতকাল রোববার দেশে ফিরেছেন। বেলা পৌনে তিনটায় সৌদি অ্যারারিয়ান এয়ারলাইনসের একটি বিমানযোগে তিনি ঢাকার হজরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে অবতরণ করেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিবসহ কেন্দ্রীয় এবং অঙ্গসংগঠনের নেতারা বিমানবন্দরে ফুল দিয়ে চেয়ারপারসনকে অভ্যর্থনা জানান। দলের জ্যেষ্ঠ নেতাদের সবাই এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।বিমানবন্দর থেকে খালেদা জিয়া গুলশানের বাসভবনে যান। তাঁকে অভ্যর্থনা জানাতে সকাল থেকে বিমানবন্দরের বাইরের গোলচত্বর থেকে বনানী পর্যন্ত সড়কের এক পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। অনেকের হাতে ছিল ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা এবং দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান, খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি।বিএনপির নেতা-কর্মীদের জমায়েতের কারণে কুড়িল বিশ্বরোড মোড় থেকে বিমানবন্দর সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।খালেদা জিয়া গত ২০ মার্চ সৌদি সরকারের আমন্ত্রণে চিকিৎসার জন্য রিয়াদে যান। সেখানে তিনি বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজ হাসপাতালে পায়ের চিকিৎসা করান। সফরকালে তিনি মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন এবং মদিনায় হজরত মুহাম্মদ (সা.)-এর রওজামোবারক জিয়ারত করেন।বিএনপির চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সাংবাদিকদের জানান, চিকিৎসার পাশাপাশি খালেদা জিয়া বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটের চেয়ারম্যান যুবরাজ তুর্কি আল ফয়সালের সঙ্গে বৈঠক করেন। রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও তাঁর বৈঠক হয়। এ ছাড়া তিনি সৌদি আরবের প্রাচীন রাজধানী আল-দারিইয়া ও রিয়াদে প্রিন্সেস নুরা বিনতে আবদুর রহমান মহিলা বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং তাঁর সম্মানে যুবরাজদের আয়োজিত নৈশভোজে অংশ নেন।