দেশে ফিরেছেন নতুন গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ফিরেছেন নতুন গভর্নর ফজলে কবির। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ছিলেন। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ ব্যাংকে যে ঘটনা ঘটেছে, সেটির যাতে আর কোনো পুনরাবৃত্তি না ঘটে, এ জন্য আমি আমার সততা, দক্ষতা দিয়ে সর্বোচ্চ দায়িত্ব পালন করব।
জানা গেছে. আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা। আগামী রোববার থেকে তাঁর নতুন কর্মস্থল বাংলাদেশ ব্যাংকে যোগ দেওয়ার সম্ভাবনা আছে।
এর আগে ১৬ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সাবেক অর্থসচিব ফজলে কবিরকে নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাবেক জ্যেষ্ঠ সচিব ও সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এর ১০ (৫) ধারা অনুযায়ী বর্তমান পদ এবং অন্য সব প্রতিষ্ঠানের কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। তাঁর মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর।
বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ চুরির ঘটনায় গত মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। প্রধানমন্ত্রীও তা গ্রহণ করেন। ওইদিন সাবেক অর্থসচিব মো. ফজলে কবিরকে নতুন গভর্নর হিসেবে ঠিক করে সরকার। সর্বশেষ সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদে ছিলেন তিনি।
গত ৫ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। ফিলিপাইনের একটি পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি জানাজানি হয়।