দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদান উপলক্ষে জার্মানিতে তিন দিনের সরকারি সফর শেষে আজ রোববার দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট (ইওয়াই-২৫৮) আজ রাত আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সাড়ে ছয় ঘণ্টা যাত্রাবিরতি করেন।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনব্যাপী ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদান করেন। বাংলাদেশের প্রথম কোনো সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদান করেন। সফরকালে জার্মানির চ্যান্সেলর ম্যার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ‘সাইডলাইনে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ক্লাইমেট সিকিউরিটি : গুড কপ, ব্যাড কপস’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় যোগদান করেন।
জার্মানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব শহীদুল হক, স্বরাষ্ট্রসচিব কামালউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে ‘বেস্ট থিংক ট্যাংক কনফারেন্স’ হিসেবে বিবেচিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ প্রায় ৪৫০ জন প্রতিনিধি অংশ নেন।
১৯৫৩ সালে মিউনিখ নিরাপত্তা সম্মেলন শুরু হয়। নিরাপত্তাবিষয়ক আলোচনার জন্য পাঁচ দশকের বেশি সময় ধরে এটি অন্যতম বৈশ্বিক মঞ্চ।