দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চীনের প্রধানমন্ত্রী লি কেছিয়াংয়ের আমন্ত্রণে চীনে পাঁচ দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার দুপুরে দেশে ফিরেছেন।
প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৭২৩) এখানে বেলা ১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে ফ্লাইটটি আজ স্থানীয় সময় বেলা ১১টা ৫ মিনিটে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর ত্যাগ করে।
বিদায়বেলায় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। চীনের ভাইস ফরেন মিনিস্টার লু ঝায়োহু এবং চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ফজুলল করিম তাঁকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী লি কেছিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। তিনি চীনের দালিয়ান শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) অ্যানুয়াল মিটিংয়ে যোগ দেন এবং ‘কো–অপারেশন ইন দ্য প্যাসিফিক রিম’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন।
চীনের প্রধানমন্ত্রী লি কেছিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে মিয়ানমারকে বোঝানোর বিষয়ে বেইজিং ঢাকাকে আশ্বস্ত করে।
দীর্ঘায়িত রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে বৈঠকে চীনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একমত পোষণ করে বলেন, এতে কোনো সন্দেহ নেই যে এটা (রোহিঙ্গা সমস্যা) বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা।
তিনি এই সমস্যা দ্বিপক্ষীয় সমাধানের পক্ষে নিজস্ব অভিমত ব্যক্ত করেন, এ বিষয়ে চীনের সহযোগিতা অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন।
বেইজিংয়ে অবস্থানকালে শেখ হাসিনা কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) মিনিস্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সং তায়ো’র সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সিপিসি মিনিস্টার প্রলম্বিত রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সুচি এবং মিয়ানমারের অন্য নেতাদের সঙ্গে তাঁর দলের আলোচনার বিষয়ে শেখ হাসিনাকে আশ্বস্ত করেন।
প্রধানমন্ত্রীর এই সফরে ঢাকা এবং বেইজিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতাসংক্রান্ত ৯টি চুক্তি স্বাক্ষর হয়। গত বৃহস্পতিবার চীনা প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন সিপিসির কার্যালয় গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের প্রধানমন্ত্রী লি কেছিয়াংয়ের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে শেষে দুই নেতার উপস্থিতিতে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
যার মধ্যে রয়েছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তার জন্য এলওই (লেটার অব এক্সচেঞ্জ) এবং অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, বিনিয়োগ, বিদ্যুৎ, সংস্কৃতি এবং পর্যটনসংক্রান্ত চুক্তি ও সমঝোতা স্মারক।
প্রথমত, দুই দেশের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তাসংক্রান্ত এলওই স্বাক্ষরিত হয়।
এর আওতায় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য চীন ২ হাজার ৫০০ মেট্রিক টন চাল সরবরাহ করবে বলে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক জানান।
স্বাক্ষরিত অন্য দলিলগুলোর মধ্যে আছে রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সাহায্যসংক্রান্ত এলওই, সাংস্কৃতিক বিনিময় ও পর্যটন কর্মসূচি নিয়ে সমঝোতা স্মারক, ইয়ালু ঝাংবো ও ব্রহ্মপুত্র নদের তথ্য বিনিময়সংক্রান্ত সমঝোতা স্মারক ও তা বাস্তবায়নের পরিকল্পনা।
শেখ হাসিনা ডব্লিউইএফের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান ক্লাউস সোয়াব এবং বিভিন্ন চীনা কোম্পানির সিইওদের সঙ্গেও বৈঠক করেন।
তিনি প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন এবং তিয়েনমেন স্কয়ারে চীনা বিপ্লবের বীরদের স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান।
শেখ হাসিনা ১ জুলাই পাঁচ দিনের সরকারি সফরে ঢাকা থেকে চীনে যান।