দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়া ও প্রতিবেশী দেশ মিয়ানমারে পাঁচ দিনের সরকারি সফর শেষে গতকাল শুক্রবার বিকেলে দেশে ফিরেছেন।প্রধানমন্ত্রী তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-০৮৭) বিকেল চারটা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বাসস।জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, স্বাস্থ্যমন্ত্রী এ এফ এম রুহুল হক, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান, জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তিন বাহিনীর প্রধানেরা এবং কূটনৈতিক কোরের ডিন ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।গতকাল বিকেলে বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী অসুস্থ রাষ্ট্রপতিকে দেখতে সরাসরি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চলে যান। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সিএমএইচে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, তিন বাহিনীর প্রধানেরা এবং জ্যেষ্ঠ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ দিনের মিয়ানমার ও ইন্দোনেশিয়া সরকারি সফর নিয়ে আজ শনিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে তিনি বক্তৃতা করবেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম জানান, গণভবনে বিকেল পাঁচটায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।