দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে নয় দিনের সরকারি সফর শেষে গতকাল মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানযোগে সকাল আটটা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। খবর বাসসের।জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বেসামরিক ও বিমান চলাচল মন্ত্রী ফারুক খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব উল আলম হানিফ, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানেরা, মার্কিন রাষ্ট্রদূত ডব্লিউ ড্যান মজীনা এবং কূটনৈতিক কোরের ডিন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর নয় দিনের সরকারি সফরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি গত ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে ভাষণ দেন।