দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে তাঁর তিন দিনের সরকারি সফর শেষে গতকাল বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে দেশে ফিরেছেন। খবর বাসসের। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেকের আমন্ত্রণে প্রথমবারের মতো অনুষ্ঠিত গার্ল সামিটে যোগ দিতে যুক্তরাজ্য সফর করেন প্রধানমন্ত্রী । মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠিত গার্ল সামিট-২০১৪’তে তিনি ২০ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। যুক্তরাজ্য সরকার ও ইউনিসেফ প্রথমবারের মতো এই গার্ল সামিটের আয়োজন করে।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট গতকাল সকাল নয়টা ১৭ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
৫ জানুয়ারির নির্বাচনের পর ইউরোপের কোনো দেশে এটি ছিল শেখ হাসিনার প্রথম সফর। তিনি সামিটের অধিবেশনে যোগ দেন এবং বুরকিনা ফাসোর ফার্স্ট লেডি স্যান্থোল কিনালি ও পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে মতবিনিময় করেন।