দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সুইজারল্যান্ডে পাঁচ দিনের সফর শেষে গতকাল শনিবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমানটি গতকাল সকাল ১০টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) নির্বাহী চেয়ারম্যান ক্লাউস সোয়াবের আমন্ত্রণে সংস্থার ৪৭তম বার্ষিক সভায় যোগ দিতে প্রধানমন্ত্রী গত ১৫ জানুয়ারি সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন।
শেখ হাসিনাই প্রথম বাংলাদেশি কোনো নির্বাচিত নেতা যিনি এই বার্ষিক সভায় অংশগ্রহণ করেন। যেখানে রাষ্ট্রনায়ক, শীর্ষ ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, যোগাযোগবিদ, চিন্তাবিদ ও প্রযুক্তিবিদেরা নানা গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা নিয়ে পর্যালোচনা করেন।
প্রধানমন্ত্রী এই বার্ষিক সভায় অংশগ্রহণ ছাড়াও ডব্লিউইএফের নির্বাহী চেয়ারম্যান ক্লাউস সোয়াবের সঙ্গে বৈঠক করেন এবং পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং রাষ্ট্রনায়ক ও সরকারপ্রধানসহ বিভিন্ন দেশ ও সংস্থার শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।