দেশে ফিরেছেন প্রায় ৭০ হাজার হাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ পালন শেষে আজ রোববার পর্যন্ত ৬৮ হাজার ৯৫১ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে ৩৫ হাজার ৮৪৮ জন এবং সৌদি এয়ারলাইনসের মাধ্যমে বাকি ৩৩ হাজার ১০৩ জন হাজি দেশে ফিরেছেন। আজ রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস গত ২৮ সেপ্টেম্বর থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু করে। এ পর্যন্ত বাংলাদেশ বিমানের ৯০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে ১৩টি ছিল নিয়মিত ফ্লাইট এবং ৭৭টি ছিল হজ ফ্লাইট। বিজ্ঞপ্তিতে বলা হয় আজ রোববার বিমান বাংলাদেশের আরও দুটি ফ্লাইটে হাজিদের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত ও হজ ফ্লাইট মিলিয়ে বিমান বাংলাদেশ মোট ১৪০টি হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৫৪ হাজার ৮৪৫ জন হাজিকে দেশে ফিরিয়ে আনবে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ২ হাজার ৭৪২ জন হাজি ছাড়াও বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৫২ হাজার ১০৩ জন হাজিকে দেশে ফিরিয়ে আনা হবে। ২৮
অক্টোবর বিমানের এই ফিরতি হজ ফ্লাইট শেষ হওয়ার কথা রয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ৭ হাজার ২৯০ জন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৩টি নিয়মিত ও ১১৯টি হজ ফ্লাইটের মাধ্যমে ৫৪ হাজার ৮৪৫ জন এবং সৌদি এয়ারলাইনস ৫২ হাজার ৪৪৫ জন হজযাত্রী পরিবহন করে। গত ১৬ আগস্ট থেকে বিমান বাংলাদেশ হজ ফ্লাইট শুরু করে। তাদের সর্বশেষ হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দা যায় ২১ সেপ্টেম্বর।