দেশে ফিরেছেন ভাগ্যবিড়ম্বিত ৬১ জন
মিয়ানমার ও থাইল্যান্ডের জলসীমায় সে দেশের কোস্টগার্ডের নির্যাতন এবং শ্রীলঙ্কায় কারাবাস শেষে ১২৮ দিন পর দেশে ফিরেছেন ভাগ্যবিড়ম্বিত এক নারীসহ ৬১ জন বাংলাদেশি। তাঁরা ভাগ্য ফেরানোর আশায় টেকনাফের করমুড ঘাট থেকে মাছ ধরার ট্রলারে করে গত ৯ জানুয়ারি মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিলেন।ওই ৬১ জন গতকাল রোববার দুপুরে মিহিন লঙ্কার একটি উড়োজাহাজে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাঁদের একজনের বাড়ি ময়মনসিংহে, বাকি সবাই টেকনাফের অধিবাসী। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাঁদের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় বাড়ি পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়।৬১ বাংলাদেশির একজন ২০ বছরের যুবক জিয়াউল হক বিমানবন্দরে জানান, শ্রীলঙ্কার নৌবাহিনী তাঁদের দ্বিতীয় জীবন দিয়েছে। তাঁর ভাষায়, যাত্রা শুরুর প্রায় এক মাস পর ৭ ফেব্রুয়ারি তাঁরা মিয়ানমারের কোস্টগার্ডের হাতে ধরা পড়েন। তারা কয়েক দিন আটকে রেখে নির্যাতন করে তাঁদের ছেড়ে দেয়। এর ১০ দিনের মাথায় তাঁরা থাইল্যান্ডে পৌঁছালে সেখানকার কোস্টগার্ডের হাতে ধরা পড়ে আবার নির্যাতনের মুখে পড়েন। একপর্যায়ে তাঁদের মালয়েশিয়ার পথে ছেড়ে দেওয়ার কথা বলে থাইল্যান্ডের নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে তাঁদের ট্রলারের দড়ি বেঁধে দেওয়া হয়। গভীর সমুদ্র আসার পর ওই দড়ি কেটে দেওয়া হয়। শুরু হয় তাঁদের অনিশ্চিত গন্তব্যে চলা। উদ্দেশ্যহীন ভাসতে ভাসতে খাবার ও পানির অভাবে ট্রলারের অধিকাংশ লোকই অসুস্থ হয়ে পড়েন। ট্রলারটিও ফুটো হয়ে যায়।জিয়াউল হক বলেন, ‘৩ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার নৌবাহিনীর সদস্যদের নজরে আসার আগে ১০ দিন উদ্দেশ্যহীনভাবে সাগরে ভেসেছি। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার নৌবাহিনীর সদস্যরা আমাদের উদ্ধার করে নিয়ে যান। জানি না, ওই দিন উদ্ধার না পেলে শেষ পর্যন্ত আমরা বাঁচতে পারতাম কি না।’এক লাখ ৪০ হাজার টাকায় এমন যাত্রা: কবির হোসেন নামের আরেক যুবক জানান, টেকনাফের স্থানীয় দালাল ইমান, শরীফ ও আবুল হোসেনের সহায়তায় এক লাখ ৪০ হাজার টাকায় মালয়েশিয়া যাওয়ার রফা হয়েছিল। এর মধ্যে শর্তানুযায়ী যাত্রীদের প্রত্যেকে অগ্রিম ২০ হাজার টাকা দিয়েছিলেন। নিরাপদে মালয়েশিয়া পৌঁছানোর পর বাকি টাকা পরিশোধের কথা ছিল।বিমানবন্দরে উপস্থিত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (বহির্গমন ও প্রটোকল) মিজানুর রহমান জানান, দেশে ফেরা এই লোকজনের ভাষ্য অনুযায়ী দালালদের সঙ্গে মাঝি শরীফের আঁতাত ছিল। এ কারণে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বহির্গমন পুলিশ।জানা গেছে, আটক মাঝি শরীফ আগেও এভাবে মাছ ধরার ট্রলারে একদল লোককে টেকনাফ থেকে মালয়েশিয়ায় নিয়ে গিয়েছিলেন।ফেরানো নিয়ে সমন্বয়হীনতা: ৩ ফেব্রুয়ারি এই বাংলাদেশিদের উদ্ধারের পর থেকে তাঁদের দেশে ফেরত পাঠাতে শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশন ঢাকায় যোগাযোগ শুরু করে। তালিকা অনুযায়ী ৬১ জন বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়ার পরও তাঁদের দেশে ফেরানো অনিশ্চিত হয়ে পড়ে। কারণ, নিয়মানুযায়ী প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ফেরানোর খরচ জোগানোর কথা থাকলেও অবৈধ অভিবাসীদের সহায়তা না করার নীতিতে অটল থাকে। শেষ পর্যন্ত বাংলাদেশ হাইকমিশন নিজস্ব তহবিল থেকে প্রত্যেকের জন্য ২৭৫ মার্কিন ডলারের (এক ডলার= ৭৭ টাকা ৮০ পয়সা) টিকেট কিনে তাঁদের দেশে ফেরত পাঠিয়েছে।