দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

দক্ষিণ আফ্রিকায় তিন দিনের সফর শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বর্ণবাদবিরোধী কিংবদন্তির নেতা নেলসল ম্যান্ডেলার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তিনি গত সোমবার সে দেশে যান।
আজ বৃহস্পতিবার বাসসের খবরে জানানো হয়, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটি বেলা সোয়া ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দক্ষিণ আফ্রিকায় গত বুধবার প্রিটোরিয়ায় বিশ্বের অন্যান্য রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে ম্যান্ডেলার প্রতি শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এর আগে বিশ্বের অন্যান্য রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে জোহানেসবার্গের এফএবি স্টেডিয়ামে ম্যান্ডেলার জন্য শোকজ্ঞাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি।
নেলসন ম্যান্ডেলা (৯৫) গত বৃহস্পতিবার জোহানেসবার্গের নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। রাষ্ট্রীয় শোক পালন শেষে ১৫ ডিসেম্বর নিজ গ্রাম কুনুতে রাষ্ট্রীয় মর্যাদায় দক্ষিণ আফ্রিকা চিরবিদায় জানাবে তাদের জাতির পিতাকে।