দেশে ফিরেছেন সৈয়দ শামসুল হক

বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ শামসুল হক চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। গত বৃহস্পতিবার তিনি লন্ডন থেকে ঢাকায় আসেন। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছেন।
গতকাল শুক্রবার সৈয়দ শামসুল হকের স্ত্রী মনোচিকিৎসক ও লেখক আনোয়ারা সৈয়দ হক প্রথম আলোকে জানান, গত এপ্রিলে চিকিৎসার জন্য তাঁরা লন্ডনে গিয়েছিলেন। পর্যায়ক্রমিকভাবে এই রোগের চিকিৎসা করতে হয়। সে অনুসারেই তাঁর চিকিৎসা চলছে। ইতিমধ্যে চিকিৎসার দুটি ধাপ সম্পন্ন হয়েছে। এখন তিনি ভালো আছেন। তবে কোনো কোনো দিন শরীরটা ভালো যায় না। জ্বর আসে। তখন অ্যান্টিবায়োটিক দিতে হয়। আপাতত এভাবেই চলছে। তৃতীয় ধাপের চিকিৎসা শুরুর মাঝের বিরতিতে তাঁরা দেশে ফিরেছেন। তবে কত দিন দেশে থাকবেন, তা নিশ্চিত নয়।
অসুস্থ হলেও সৈয়দ হকের লেখালেখি থেমে নেই। তাঁর স্ত্রী জানান, রোগভোগ মানবজীবনের স্বাভাবিক এবং অনিবার্য ঘটনা। সহজভাবেই এটা তাঁরা গ্রহণ করেছেন। লেখক তাঁর লেখার কাজ চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট-এর অনুবাদ করেছেন। এ ছাড়া অসমাপ্ত উপন্যাসের কাজ করছেন, লিখছেন কবিতা। আপাতত দর্শনার্থীদের সঙ্গে দেখা করছেন না। যদিও এ রোগ সংক্রামক নয়, তবে অন্যের মাধ্যমে রোগীর নিজের সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। সে কারণেই এ সতর্কতা।