দেশে ফিরেছেন ১০৩ অভিবাসনপ্রত্যাশী
মিয়ানমার থেকে গতকাল সোমবার দেশে ফিরেছেন আরও ১০৩ জন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী।
বিজিবি জানায়, ১০৩ জন অভিবাসনপ্রত্যাশীকে ফিরিয়ে আনতে গতকাল সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম পয়েন্ট দিয়ে ১৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল মিয়ানমারে যায়। এরপর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ঢেঁকিবুনিয়া ফাঁড়িতে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর ইমরান উল্লাহ সরকার। বৈঠকে ১০৩ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। দুপুরে তাঁদের বাংলাদেশে নিয়ে আসা হয়। বৈঠকে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার এম এম আনিসুর রহমান।
মেজর ইমরান উল্লাহ সরকার প্রথম আলোকে জানান, দেশে ফিরিয়ে আনা ১০৩ জনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, গত ২১ মে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে মিয়ানমারের জলসীমা থেকে সে দেশের নৌবাহিনী ২০৮ জন এবং ২৯ মে ৭২৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে। মিয়ানমারের দাবি, উদ্ধার হওয়া ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক।
বিজিবি জানায়, মিয়ানমার থেকে ফেরত আনতে ১০৩ জনের একটি তালিকা পাঠায় দেশটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তালিকাটি যাচাই-বাছাই করে তাঁদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে। গতকাল তাঁদের ফেরত আনা হয়। এর আগে পাঁচ দফায় মিয়ানমার থেকে ৬২৬ জন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে দেশে ফিরিয়ে আনা হয়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী জানান, ১০৩ অভিবাসনপ্রত্যাশীকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আনা হয়েছে।