দেশে ফুসফুসের ক্যানসার বেশি, প্রধান কারণ ধূমপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যানসারে আক্রান্ত মানুষের সংখ্যা
ক্যানসারে আক্রান্ত মানুষের সংখ্যা

ক্যানসার বেশি হচ্ছে ফুসফুসে। ক্যানসারে আক্রান্ত মানুষের ১৮ শতাংশই ফুসফুসের ক্যানসারের রোগী। দ্বিতীয় স্থানে আছে স্তন ক্যানসার, আক্রান্তদের সাড়ে ১২ শতাংশ এর রোগী। আর লসিকাগ্রন্থির ক্যানসার আছে তৃতীয় স্থানে। ক্যানসারে আক্রান্তদের ৯ দশমিক ৩ শতাংশই লসিকাগ্রন্থির ক্যানসারে ভুগছেন।
‘হাসপাতালভিত্তিক ক্যানসার নিবন্ধন প্রতিবেদন ২০১৪’তে এ তথ্য পাওয়া গেছে। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এই প্রতিবেদন তৈরি করেছে। গতকাল মঙ্গলবার প্রতিবেদনটি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
ক্যানসারের প্রধান কারণ ধূমপান ও পান-জর্দার অভ্যাস। প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষ ক্যানসার রোগীদের প্রায় ৬৮ শতাংশের ধূমপানের অভ্যাস ছিল। অন্যদিকে নারী রোগীদের ৩০ শতাংশ পান-জর্দায় অভ্যস্ত ছিলেন। আক্রান্ত পুরুষদের ২১ শতাংশেরও পান-জর্দা খাওয়ার অভ্যাস ছিল।
প্রতিবেদনে দেখা যায়, ২০১৪ সালে দেশের ক্যানসার চিকিৎসা ও গবেষণার সবচেয়ে বড় প্রতিষ্ঠান এই ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসেন ১৮ হাজার ৫৫৬ জন রোগী। এঁদের মধ্যে ১১ হাজার ১০৮ জন ছিলেন প্রকৃতপক্ষে ক্যানসার রোগী। এই ক্যানসার রোগীদের ৫৫ শতাংশ পুরুষ। রোগীদের গড় বয়স ৫০ বছর। রোগীদের বড় অংশ নিরক্ষর। অন্যদিকে পুরুষ রোগীদের সিংহভাগ কৃষিজীবী এবং নারী রোগীদের সিংহভাগ গৃহিণী।
বছরব্যাপী তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণের কাজটি করেছে ১৩ জন চিকিৎসক নিয়ে গঠিত একটি গবেষক দল। গবেষক দলের প্রধান ও ক্যানসার ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদার প্রথম আলোকে বলেন, ‘ক্যানসার বিষয়ে আমাদের নিজস্ব কোনো তথ্য ছিল না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা অন্য কোনো সংস্থার অনুমানভিত্তিক তথ্য এতকাল ব্যবহার করা হয়েছে। হাসপাতালভিত্তিক এই নিবন্ধন প্রক্রিয়া তথ্যের ঘাটতি পূরণ করবে এবং তা নীতি ও পরিকল্পনা গ্রহণে সহায়তা করবে।’
তবে গবেষকেরা বলেছেন, প্রতিবেদনে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানের তথ্য হলেও সারা দেশের চিত্র এতে পাওয়া যাবে না। ক্যানসারে আক্রান্ত মানুষের সংখ্যা বা হার জানতে হলে প্রতিটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি ক্যানসার হাসপাতালের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে হবে। এ ছাড়া একটি এলাকায় জনগোষ্ঠীভিত্তিক জরিপও করা যেতে পারে।
সংগ্রহের পাশাপাশি গবেষকেরা তথ্য ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন। তাতে দেখা গেছে নারী ও পুরুষের ক্যানসারের স্থানে বেশ পার্থক্য। পুরুষের ক্যানসার সবচেয়ে বেশি ফুসফুসে (২৭ দশমিক ৫ শতাংশ), লসিকাগ্রন্থীর (১৩ দশমিক ২ শতাংশ) এবং তারপর খাদ্যনালিতে (৫ দশমিক ২ শতাংশ)। নারীদের ক্যানসার সবচেয়ে বেশি স্তনে (২৭ দশমিক ৪ শতাংশ), জরায়ুমুখে (১৭ দশমিক ৯ শতাংশ) এবং তারপর লসিকাগ্রন্থীতে (৬ দশমিক ১ শতাংশ)। নারী-পুরুষ এবং নারী ও পুরুষের শীর্ষ ১০টি ক্যানসারের তালিকা দেওয়া হয়েছে প্রতিবেদনে। নারী-পুরুষ মিলে ফুসফুসের ক্যানসারই বেশি।
ফুসফুসের রোগ বিশেষজ্ঞ ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের অধ্যাপক আলী হোসেন প্রথম আলোকে বলেন, ফুসফুসের ক্যানসারের প্রধান কারণ ধূমপান। শহরে ও গ্রামে বিপুলসংখ্যক মানুষ নিয়মিত ধূমপানে আসক্ত। এ ছাড়া বায়ুদূষণও ফুসফুসের ক্যানসারের কারণ। অপরিকল্পিত নগরায়ণ, কলকারখানার ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালু, অস্বাস্থ্যকর কর্মক্ষেত্রের কারণে মানুষ ফুসফুসের অন্যান্য রোগ ও ক্যানসারে আক্রান্ত হচ্ছে।
প্রতিবেদনে নানা বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। এ রকম নির্দিষ্ট তথ্য আগে ছিল না বলে দাবি করেছেন মো. হাবিবুল্লাহ তালুকদার। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে ১৫ বছরের কম বয়সী ৩৪০ জন শিশু ক্যানসারের চিকিৎসা নেয়। এদের ৬৬ শতাংশ ছিল ছেলেশিশু। শিশুদের লসিকাগ্রন্থীতে (১৫ দশমিক ৫), চোখে (১৪ দশমিক ৭ শতাংশ) এবং রক্তে (১৩ দশমিক ৮ শতাংশ) ক্যানসার বেশি হচ্ছে।
অন্যদিকে ক্যানসারে আক্রান্ত ২ হাজার ২৯১ জনের বয়স ছিল ৬৫ বছরের বেশি। প্রবীণদের ফুসফুসে (৩২ দশমিক ১ শতাংশ), লাসিকাগ্রন্থীতে (১০ শতাংশ) এবং খাদ্যনালিতে (৬ দশমিক ৭ শতাংশ) ক্যানসার বেশি।
প্রতিবেদনে দেখা যায়, জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে সবচেয়ে বেশি চিকিৎসা নিয়েছে ঢাকা বিভাগের মানুষ (৪ হাজার ৮৭৮ জন), এরপরে চট্টগ্রাম (২ হাজার ৪৭৩ জন) ও বরিশাল (১ হাজার ২৫১ জন) বিভাগের মানুষ। সবচেয়ে কম এসেছিল রংপুর বিভাগ (২২৭ জন) থেকে। এরচেয়ে প্রায় ১০০ রোগী বেশি এসেছিল সিলেট (৩২৬ জন) বিভাগ থেকে। খুলনা (১ হাজার ০৫১ জন) ও রাজশাহী (৯০২ জন) বিভাগ থেকে প্রায় সমানসংখ্যক রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, এই প্রতিবেদন প্রমাণ করে যে সরকারের পদস্থ কর্মকর্তারা মনে করেন ক্যানসার একটি বড় সমস্যা। আর এ তথ্য সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গবেষক, নীতিনির্ধারক, দাতাগোষ্ঠীর মতো করে এই তথ্য ব্যবহার করতে পারবে।