দেশে ফেরাকে দুরাশা ভাবছে রোহিঙ্গারা

>
- থেমে নেই রোহিঙ্গাদের জীবন।
- টিকে থাকার সব চেষ্টাই আছে।
- আছে নানা ঝুঁকি ও আশঙ্কা।
মিয়ানমারের রাখাইন রাজ্যের গণহত্যার কবল থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গারা স্বদেশে ফেরার আশাকে দুরাশাই ভাবছে। মিয়ানমারের বর্তমান সরকার পূর্ণ নাগরিক মর্যাদায় তাদের গ্রহণ করবে, এ কথা তারা বিশ্বাস করে না। আজ ২৫ আগস্ট বাংলাদেশে শরণার্থী-জীবনের এক বছর পূর্ণ হয়েছে এই রোহিঙ্গাদের। বছরজুড়ে তাদের প্রত্যাবাসনের জন্য দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক তৎপরতা হয়েছে। এখনো হচ্ছে। কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
‘অগ্রগতি হবে বলেও আমরা মনে করি না। মিয়ানমার সরকার ছলচাতুরী করে, নতুন কোনো পরিস্থিতি সৃষ্টি করে প্রত্যাবাসন বাধাগ্রস্ত করবে। কখনোই তারা আমাদের ফিরিয়ে নিতে চাইবে না।’ প্রথম আলোকে এ কথা বলেছেন মো. সালাহ্ উদ্দিন। রাখাইন রাজ্যের মংডু শহরের বলীবাজারে একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন সালাহ্ উদ্দিন। সপরিবার পালিয়ে এসে এখন উখিয়ার কুতুপালং-২ শিবিরের শরণার্থী। এখানেও একটি স্কুল খুলেছেন। রোহিঙ্গাদের সংগঠিত করতে গড়ে তুলেছেন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ (এআরএসপিএইচ) নামে একটি সংগঠন।
শুধু সালাহ্ উদ্দিন নন। উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে সাধারণ কিংবা নেতৃস্থানীয় (হেড মাঝি, মাঝি প্রভৃতি) কাউকে পাওয়া যায়নি, যিনি বিশ্বাস করেন যে তাঁরা পূর্ণ নাগরিক মর্যাদায় মিয়ানমারে ফিরতে পারবেন।
তবে এ প্রসঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম প্রথম আলোকে বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। তাদের সম্মানজনকভাবে ফেরত পাঠানোর বিষয়ে মিয়ানমারের সঙ্গে চুক্তি হয়েছে। সেই চুক্তি বাস্তবায়নের বিষয়ে আলোচনা চলছে।
অনিশ্চয়তা সবার মনেই
কুতুপালং-১ শিবিরের প্রৌঢ়া শরণার্থী অজিফা খাতুন বলেন, ‘তারা (মিয়ানমার) রোহিঙ্গাদের ফেরত নেবে না। তোমরাও (বাংলাদেশ) যদি রাখতে না চাও, তাহলে সবচেয়ে ভালো হয় সব রোহিঙ্গাকে এক জায়গায় একত্র করে বোমা মেরে শেষ করে দাও।’
এসএসসি পাস তরুণ শরণার্থী সাবের এসেছেন বুচিডং জেলার গোপী ইউনিয়ন থেকে। তাঁর বাবা ছিলেন সেই ইউনিয়নের চেয়ারম্যান। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে তাঁকে জেলে নেওয়া হয়েছে। বাবাকে জেলে রেখে পরিবারের অন্যদের নিয়ে শরণার্থী হওয়া সাবের বলেন, এর আগে ১৯৭৮, ’ ৮৯ এবং’ ৯১ সালেও রোহিঙ্গাদের ওপর হামলা হয়েছে। তখনো অনেকে দেশ ছেড়েছিল। অবস্থার পরিবর্তন হবে ভেবে আবার অনেকে ফিরেও গেছে। কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এরপর আর কীভাবে মানুষ দেশে ফেরার আশা করবে।
কুতুপালংয়ের মধুরছড়া-২ শিবিরের একজন মাঝি ওমর আব্বাস বললেন, রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি দিয়ে নাগরিকত্ব দিলে তাঁরা এমনিতেই চলে যাবেন। কিন্তু তেমন কোনো লক্ষণ তো দেখতে পাচ্ছেন না। এখনো রাখাইনে নির্যাতন চলছে। এখনো সেখান থেকে মানুষ পালিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছে। টিকে থাকার মতো অবস্থা থাকলে কি কোনো মানুষ শরণার্থী হতে চায়? শরণার্থীর জীবন কি মানুষের জীবন?
থেমে নেই জীবন
অবশ্য ১৫ আগস্টের পর টানা তিন দিন রোহিঙ্গা শিবিরগুলো ঘুরে দেখা গেছে, জীবন এখানে থেমে নেই। গত এক বছরে রোহিঙ্গা শরণার্থীদের জীবনে অনেক পরিবর্তনও এসেছে। এই সময়ে শরণার্থী শিবিরে সরকারি হিসাবে প্রায় সাড়ে সাত হাজার শিশু জন্ম নিয়েছে। তবে যারা সরকারি প্রসূতিসেবা নেয়নি, তারা এই হিসাবের বাইরে আছে। তাদের সংখ্যাও কয়েক হাজার বলে সরকারি সূত্রে জানা গেছে।
এই এক বছরে সরকারিভাবে রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। তাতে মোট শরণার্থী সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ১৮ হাজার ৫৫৭ জন। এরা সব উখিয়া ও টেকনাফে স্থাপিত ৩০টি শিবিরের বাসিন্দা। শিবিরের বাইরেও অনেক রোহিঙ্গা রয়েছে বলে সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়। কক্সবাজারের পাহাড়ে, বাজারে, মাছ ধরার ট্রলারে অনেক রোহিঙ্গা আছে বলে খবর পাওয়া যায়।
গত এক বছরে রোহিঙ্গা শরণার্থীদের কারণে উখিয়া ও টেকনাফের প্রায় ২০ হাজার বর্গ-একর এলাকার পাহাড় ও বন উজাড় হয়েছে। শরণার্থী শিবিরগুলোতে এখন জ্বালানির স্থান নিচ্ছে এলপি গ্যাসের সিলিন্ডার। বর্তমানে প্রায় পাঁচ হাজার সিলিন্ডার ব্যবহৃত হচ্ছে। অন্যরা এখন আরও দূরের বন কেটে জ্বালানির সংস্থান করছে।
শরণার্থী শিবিরের সব ঘরও এখন আর কেবল পলিথিনের চালা-বেড়ার তৈরি খুপরি নয়। চালায় এখন লাল, সবুজ রঙের টিন দেখা যায়। কোথাও আবার ছনের চালার প্রাধান্য। অনেক ঘরে ইটের ব্যবহার শুরু হয়েছে। শিবিরের প্রায় সব রাস্তাই পাকা হয়েছে। অনেকের ঘরে টেলিভিশন এসেছে।
প্রতিটি শিবিরের রাস্তার দুই পাশে বসেছে সারি সারি দোকানপাট। সেখানে মুদি, মনিহারিসামগ্রী যেমন কেনাবেচা হচ্ছে, তেমনি হচ্ছে মুখরোচক খাবারদাবার, খেলনা, এমনকি কিছু কিছু ত্রাণসামগ্রীরও বেচাকেনা। শরণার্থীদের হাতে হাতে মোবাইল ফোন। অবশ্য সব জায়গায় সব সময় নেটওয়ার্ক থাকে না। তবে ফোন যখন আছে, রিচার্জের ব্যবস্থাও আছে অনেক দোকানে।
অনেকেই ফোনে যোগাযোগ রাখে এখনো রাখাইনে থেকে যাওয়া আত্মীয়, বন্ধু-স্বজনদের সঙ্গে। সেখানকার পরিস্থিতি সম্পর্কে সবার আগে সর্বশেষ খবর পাওয়া যায় শরণার্থী শিবিরে। মিয়ানমার সরকার রাখাইনে রোহিঙ্গাদের আবাসনের জন্য যে ব্যারাক বানাচ্ছে, তার ছবি এখানকার শিবিরগুলোর অনেক রোহিঙ্গার মোবাইল ফোনে আগেই চলে এসেছে।
বাড়ছে অপরাধ
রোহিঙ্গা শিবিরে শরণার্থীদের মারামারি, হানাহানি, অপহরণ, ধর্ষণ, এমনকি খুনের ঘটনাও আছে। কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত রোহিঙ্গা শিবিরগুলোতে নানা অপরাধে ২৩৭টি মামলা হয়েছে। মোট আসামি ৪৬১ জন। এর মধ্যে হত্যা মামলা ২১ টি, অস্ত্র মামলা ১২ টি, মাদকের মামলা ৭৫টি এবং একটি গণধর্ষণসহ ধর্ষণের মামলা আছে ৬ টি। এ ছাড়া ডাকাতির মামলা ৬টি ও অপহরণের মামলা ৫ টি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, রোহিঙ্গা শিবিরে খুনখারাবিসহ অপরাধ বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে।
এ প্রসঙ্গে আলোচনায় মধুরছড়া-২ শিবিরের হেড মাঝি জাহিদ হোসেন বলেন, ‘খারাপ মানুষ তো সব জায়গায়ই আছে। তা ছাড়া শরণার্থী শিবিরে অনেকেরই মাথা ঠিক থাকে না।’
শরণার্থী শিবিরগুলোতে কোনো নিরাপত্তাবেষ্টনী না থাকায় যে কেউ সেখানে ঢুকতে এবং বের হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে একমাত্র বাধা মহাসড়কে সেনাবাহিনী, পুলিশ-বিজিবি-র্যাবের ১১টি তল্লাশিচৌকি। শরণার্থী শিবির ছেড়ে এসব চৌকি এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে পালানোর সময় কক্সবাজার জেলা থেকে গত এক বছরে ৫৪ হাজার ৭৯৮ জন এবং রংপুর, রাজশাহী, সাতক্ষীরা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, মুন্সিগঞ্জসহ ১৮টি জেলা থেকে ৩ হাজার ৫৬১ জনকে আটক করে শিবিরে ফেরত পাঠিয়েছে পুলিশ।
কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁদের কাছে খবর আছে যে প্রায় তিন লাখ রোহিঙ্গা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটা বড় অংশ কিশোরী। এরা চট্টগ্রামের হালিশহর ও গাজীপুরের পোশাক কারখানায় কাজ করছে। অনেকে নারী পাচারকারীর খপ্পরে পড়ছে।
পাহাড়ধসের ঝুঁকিতে
কক্সবাজারের উখিয়ার কুতুপালং এখন পৃথিবীর সবচেয়ে বড় ও জনবহুল শরণার্থী শিবির। এই শিবিরের মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ হচ্ছে মধুরছড়া ক্যাম্প। অথচ এটি ঝুঁকিপূর্ণ শিবিরগুলোর অন্যতম। সেখানে উঁচু পাহাড়ের বিপজ্জনক ঢালে ঢালে বসতি গেড়েছে রোহিঙ্গা শরণার্থীরা।
সরকার যে এক লাখ শরণার্থীকে দেশের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে, তার বেশির ভাগই এই মধুরছড়া থেকে নেওয়ার কথা। কিন্তু সেই উদ্যোগে এখন পর্যন্ত বলার মতো অগ্রগতি নেই বলে জানা গেছে।
উখিয়ায় আরেকটি রোহিঙ্গা শরণার্থী শিবির কক্সবাজার শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে হাকিমপাড়ায়। প্রশাসন এটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। কারণ, এই শিবিরের প্রায় ৪০ হাজার শরণার্থীর বসতি উঁচু পাহাড়ের ঢালে।
এই শিবিরগুলোর পাশাপাশি লম্বাশিয়া, জুমছড়ি ও বালুখালী রোহিঙ্গা শিবির ঘুরেও একটি অবস্থা দেখা গেছে। বৃষ্টিতে পাহাড়ের বিভিন্ন অংশ ক্ষয়ে গেছে। শরণার্থীদের কিছু কিছু ঘর পাহাড়ের খাদের কিনারে দাঁড়িয়ে আছে। কিছু ঘরের তলার মাটি সরে যেতে শুরু করেছে। সেখানে ওঠা-নামার জন্য তৈরি করে দেওয়া হয়েছে বাঁশ-কাঠ ও দড়ির তৈরি সিঁড়ি। অবশ্য সরকার বলছে, বর্ষার মধ্যেই এই ঝুঁকিপূর্ণ শিবিরগুলোতে কিছু কিছু সংস্কারকাজ করা হয়েছে।
হাকিমপাড়া থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে তাজনিমার ঘোনা আশ্রয়শিবির। এটিকেও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এই শিবিরে রোহিঙ্গা আছে প্রায় ৪২ হাজার। এই শিবিরের প্রায় ৮০ শতাংশ রোহিঙ্গার বসতি পাহাড়ের ঢালে। গত বর্ষায় এখানকার দুই শতাধিক ঘর ভেঙে যায়।
জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত জুন-জুলাই মাসে কুতুপালং, বালুখালী-১, বালুখালী-২, মধুরছড়া, জুমছড়া, লম্বাশিয়া, জামতলী, হাকিমপাড়াসহ উখিয়ার ২৩টি আশ্রয়শিবিরে অন্তত এক হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়ে পাঁচ হাজার রোহিঙ্গা গৃহহীন হয়ে পড়ে। গত জুন মাসে ভূমিধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৫ হাজার ৯৯৪ জন শরণার্থী। ওই সময় ভূমিধসে নিহতও হয় দুই রোহিঙ্গা।
রোহিঙ্গা শরণার্থী শিবিরে কর্মরত জাতিসংঘসহ বিভিন্ন দাতা সংস্থার সমন্বয়কের দায়িত্বে থাকা ‘ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ’ (আইএসসিজি)-এর তথ্যমতে, পাহাড়ধসের ঝুঁকিতে আছে ২ লাখ ১৬ হাজার শরণার্থী। এর মধ্যে প্রায় ৩৫ হাজার শরণার্থীকে এখন পর্যন্ত নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।
শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম এ নিয়ে প্রথম আলোকে বলেন, ভারী বর্ষণের ফলে আশ্রয়শিবিরগুলোতে ছোট-বড় পাহাড়ধসের ঘটনা ঘটছে। এতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্তও হয়েছে। তবে বর্ষা মৌসুম প্রায় শেষ হয়ে আসায় এই ঝুঁকি কমে আসছে। তারপরও ঝুঁকিপূর্ণ জায়গাগুলো থেকে শরণার্থীদের সরিয়ে আনার কাজ অব্যাহত রাখা হয়েছে।
সব মিলিয়ে গত এক বছরে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হলেও ফেরত নেওয়ার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই বললেই চলে।