দেশে ফেরার দিন গুনছে ২ বাংলাদেশি প্রতিবন্ধী কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে ভারতে ঢোকা দুই প্রতিবন্ধী কিশোর দেশে ফেরার দিন গুনছে। এরা হলো সাইদুল ইসলাম বিপ্লব ও সজীব ঢালি।
প্রতিবন্ধী দুই কিশোর বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার লক্ষ্মীকান্তপুরে ‘হরিপুর আমরা সবাই উন্নয়ন সমিতি’ বা হাসুসের সেফহোমে রয়েছে। তাঁদের খোঁজে পশ্চিমবঙ্গে আসেন ঢাকার মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক মো. রিয়াজ উদ্দিন। তিনি হাসুসের কর্মকর্তা এবং স্থানীয় সাংসদের সঙ্গে কথা বলেন। দুই কিশোরের পরিবারের সঙ্গেও যোগাযোগ করেন তিনি।
হাসুস সূত্র এবং রিয়াজ উদ্দিনের সঙ্গে কথা বলে জানা যায়, সাইদুল ইসলামের (১৪) বাড়ি যশোরের শার্শা উপজেলার আমলাই গ্রামে। গত পয়লা বৈশাখে বেনাপোল সীমান্ত এলাকা থেকে নিখোঁজ হয় সে। একপর্যায়ে সে পশ্চিমবঙ্গে ঢুকে সুন্দরবনের ক্যানিং এলাকায় চলে যায়। সেখানকার পাতলা নদীর চর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পৌঁছে দেওয়া হয় ক্যানিং থানায়। এরপরে সাইদুলের ঠাঁই হয় হাসুসের সেফহোমে। সাইদুল একজন মানসিক প্রতিবন্ধী।
সূত্র জানায়, সজীব ঢালির (১৫) বাড়ি বাগেরহাটের মোল্লারহাট উপজেলার ছোট কাসুয়া গ্রামে। বাবার নাম মাসুদ ঢালি। তিনি জীবিত নেই। সজীবের একটি চোখ নষ্ট। পারিবারিক অত্যাচার সইতে না পেরে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢোকে। প্রথমে আসে দক্ষিণ ২৪ পরগনার বাড়ুইপুর বাজারে। সেখানে তাকে উদ্ধার করেন স্থানীয় সবুজ সংঘ ক্লাবের সদস্যরা। তারপর ১৫ নভেম্বর ঠাঁই হয় হাসুস সেফহোমে।
মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘দুই কিশোর দেশে ফিরে যেতে চায়। আমরা কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে যোগাযোগ করেছি।’
স্থানীয় সাংসদ ও চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান প্রতিমা মণ্ডল প্রথম আলোকে জানান, তাঁরাও চেষ্টা করছেন এই দুই প্রতিবন্ধীকে বাংলাদেশে ফেরত পাঠানোর।
বাংলাদেশ উপহাইকমিশনের কাউন্সেলর বি এম জামাল হোসেইন প্রথম আলোকে বলেন, সাইদুল ইসলামের বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণপত্র ইতিমধ্যে এসে গেছে। এখন তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সজীব ঢালির নাগরিকত্বের প্রমাণপত্র এখনো আসেনি।